Image description

নরসিংদীর মাধবদীতে আবারও এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার যুবকের নাম হৃদয় (৩০)। শুক্রবার (৬ মার্চ) বিকালে তাকে গ্রেফতার করা হয়।  

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে। শুক্রবার রাতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার ওই নারী (৫৫) ঈদের কেনাকাটা করতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে যান। সেখান থেকে পরিচিত একজনের সঙ্গে দেখা করতে কাঁঠালিয়া ইউনিয়নের খামারদী এলাকায় যান। পরে পরিচিত ওই ব্যক্তিসহ চার জন তাকে ধর্ষণ করে বলে শুক্রবার সকালে থানায় অভিযোগ করেন। তারা ওই নারীর মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সাও ছিনিয়ে নেয়। 

ওসি বলেন, “এ ঘটনার পর ওই নারী বিষয়টি পরিবারকে জানান। শুক্রবার নিজেই বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। এরপর পুলিশ হৃদয় নামে একজনকে গ্রেফতার করে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”  

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনা ঘটে। পরদিন দুপুরে মাধবদী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা হয়। এ ঘটনায় করা মামলায় মোট ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।