যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে ইরানি নেতারা কথা বলতে চেয়েছে। কিন্তু, আমি বলেছি—আলোচনার সময় শেষ।
মঙ্গলবার (৩ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
ট্রাম্প বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা, বিমানবাহিনী, নৌবাহিনী এবং নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে। কারণ, যুক্তরাষ্ট্রের কাছে অসংখ্য মধ্য থেকে উচ্চ স্তরের ধ্বংসাত্মক আধুনিক অস্ত্র আছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, অনেক দিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলতে পারে।
অপরদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়ক। তিনি আমেরিকার জন্য যা সঠিক বলে মনে করেন, তাই করেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্যও তিনি যা সঠিক বলে মনে করেন, তা করছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে যুদ্ধের দিকে ঠেলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কয়েক মাস ধরে তিনি ব্যক্তিগতভাবে তাকে বুঝিয়েছেন। এছাড়া নেতানিয়াহু ইরান-মার্কিন কূটনৈতিক আলোচনা ঠেকাতে কাজ করেছেন।
এই দাবির জবাবে নেতানিয়াহু বলেন, ট্রাম্প ইরানের হুমকি বোঝেন। আমার তাকে রাজি করানোর প্রয়োজন নেই। তেহরান যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে চায়। মানুষ এটা বুঝুক বা না বুঝুক, নেতাকে এটা বুঝতে হবে। ডোনাল্ড ট্রাম্প এটা বোঝেন।