Image description

ময়মনসিংহ নগরীতে এক কলেজছাত্রের ঘুম ভাঙাতে ডাকা হয়েছে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। বিস্ময়কর এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার একটি ছাত্রবাসে। এ ঘটনার একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটার পর মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিভোর ঘুমে থাকা ওই কলেজছাত্রের নাম মো. সোহান মিয়া (১৮)। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মো. সোহেল মিয়া। বর্তমানে তিনি ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার একটি ছাত্রাবাসে বসবাস করে একটি বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. জুলহাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার দিবাগত রাতে সেহেরি খেয়ে ছাত্রাবাসের নিজ কক্ষে ঘুমাতে যান কলেজছাত্র সোহান। কিন্তু পরদিন সন্ধ্যা গড়ালেও ওই শিক্ষার্থীর কোনো সাড়া শব্দ না পেয়ে অনেক ডাকাডাকির পর ঘটনাটি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। তখন আমরা ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি ওই ছাত্র ঘুমাচ্ছেন।

তখন বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) মো. আজাহারুল ইসলাম বলেন, সারাদিন ঘুমানো এবং দরজা না খোলার কারণে সহপাঠীদের ভয় ও আশঙ্কা থেকে ঘটনাটি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়েছিল। কিন্তু পরে দেখা গেলে কোনো দুর্ঘটনা নয় বরং ওই ছাত্র বিভোর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

শীর্ষনিউজ