ফেনীর দাগনভূঞায় সেহরি খেয়ে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নূর মোহাম্মদ (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় তার বাবা নূর আলম (৫৫) গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুশয্যায় রয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা পৌর এলাকার আজিজ ফাজিলপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মোল্লাবাড়ি গ্রামের নূর আলমের ছেলে। তারা দাগনভুঞায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সেহরি খাওয়ার পর নূর আলম ও তার ছেলে নূর মোহাম্মদ ফেনী- মাইজদী মহাসড়কের পাশ দিয়ে হেঁটে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। নামাজের জামাত ধরার জন্য তাড়াতাড়ি হাঁটছিলেন তারা। দাগনভূঞার চৌধুরী বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৩৯৫৫) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলে নূর মোহাম্মদের মৃত্যু হয়। স্থানীয়রা তার পিতা নূর আলমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নূর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের মামা বাদী হয়ে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে।