যশোরের অভয়নগরে বাড়ির সামনে বিএনপির কর্মীদের হামলায় জামায়াতের এক এখন হাসপাতালে চিকিৎসাধীন। আহত শেখ জাহান আলী (৫১) বানিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখের ছেলে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বানিপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
শেখ জাহানের ছেলে রিফাত শেখ বলেন, সোমবার তারাবি নামাজ শেষে বাড়ির সামনে পৌঁছালে এলাকার ১০-১২ জন চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহকারে বাবার উপর হামলা চালায়। এসময় বাবার আর্তচিৎকারে আমরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আলী আকুঞ্জি বলেন, রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা চলাকালে শেখ জাহান আলী বলেছিলেন, স্থানীয় বিএনপি কর্মী রিপন সরদার ও মোতাহার হোসেনের নেতৃত্বে ১০-১২ জন অস্ত্রধারী তার উপর হামলা চালিয়েছিল।
ইউনুস আলী আকুঞ্জি আরো বলেন, চিহ্নিত হামলাকারিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জামায়াত ও শ্রমিককল্যাণ ফেডারেশন বৃহত কর্মসূচি দিতে বাধ্য হবে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।