Image description

৫০তম বিসিএসের পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৭ এপ্রিল থেকে। এই পরীক্ষা চলবে ৭ মে পর্যন্ত। সোমবার (২ মার্চ) সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এই সময়সূচি প্রকাশ করে।

সময়সূচি অনুযায়ী, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ — ৮টি বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা চলবে এই পরীক্ষা।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৩৮৫ জন। এ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল, যা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে দুই হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে এক হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জন। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।