যশোরে জাহাঙ্গীর আলম নামে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তির জন্য ১ কোটি টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০টার সময় তাকে অপহরণ করা হয় জানিয়ে স্ত্রী রেশমা খাতুন মঙ্গলবার (৩ মার্চ) যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ জমা দিয়েছেন।
জাহাঙ্গীর আলম শৈলকুপার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে। তিনি শহরতলীর খোলাডাঙ্গা কদমতলায় পরিবার নিয়ে বসবাস করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর সোমবার রাতে দোকান বন্ধ করে নিজের মোটরসাইকেলে করে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন। চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। প্রাইভেটকারে করে কয়েকজন তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে জাহাঙ্গীরের ব্যবহারিত ফোন থেকে রাত ১০টার দিকে তার স্ত্রীর ফোনে কল করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। না হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, থানায় এমন একটি অভিযোগ করেছেন জাহাঙ্গীরের স্ত্রী। পুলিশ ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।