জাতীয় সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সিলেট সার্কিট হাউজে মঙ্গলবার (৩ মার্চ) সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় নির্বাচনগুলোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নেয়ার প্রসঙ্গে মীরে শাহে আলম বলেন, যদি নির্দলীয় নির্বাচন হয়, সেখানে কারা নির্বাচন করবে, সে বিষয়টি আমলে নেয়ার প্রয়োজন নেই সরকারের।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার কঠোর অবস্থানে আছে। কোনো অনিয়ম বা প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
সকালে একদিনের সফরে সিলেটে পৌঁছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। দিনব্যাপী নানা অনুষ্ঠানে অংশ নিয়ে রাতেই তিনি ঢাকায় ফিরবেন।