Image description

যশোরের মনিরামপুরে পারিবারিক কলোহের জের ধরে পিতার জ্বালানি কাঠের ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গত সোমবার (২ মার্চ) রাতে উপজেলার ঝালঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনার পর থেকে ছেলে আল-আমিন পলাতক রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জালঝাড়া গ্রামের ছামাদ খা এর ছেলে মহাসীন খান বর্তমানে সাতক্ষীরা জেলার একটি কোম্পানিতে কর্মরত। তিনি দুটি বিবাহ করেছেন। প্রথম স্ত্রীকে তালাক দেয়ার পর দ্বিতীয় বিবাহ করেন। দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে, তবে স্বামী- স্ত্রীর মধ্যে বনিবনা  না হওয়ায় এক পর্যায়ে ২য় স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ হয়।

মহসীন খান আবার বিবাহ করেছেন, প্রতিবেশীদের মধ্যে এমন গুঞ্জনের খবরে পিতা-পুত্রের মধ্যে কলহ সৃষ্টি হয়। গত সোমবার সন্ধ্যার পর মহসীন খানের বাড়ির একটি জ্বালানি কাঠের ঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দিলে সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। ফলে আশপাশের বসতঘর আগুন থেকে রক্ষা পায়। 

ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

২য় স্ত্রীর বড় ছেলে আল আমিন (২০) পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তার প্রতিবেশীরা। তাদের ধারণা, পিতার পুনরায় বিয়ে নিয়ে সন্দেহ থেকে ছেলে এই কাজ করতে পারে। তবে এ বিষয়ে আল আমিনের সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে, মহসিন খান বলেন, কে আগুন লাগিয়েছে তা কি করে বলবো! আর বিবাহের বিষয়ে তিনি বলেন, এটা মিথ্যা কথা। 

এ ঘটনায়, এলাকাবাসী আল-আমিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজিউল্লাহ খান বলেন, আমি ছুটিতে আছি।  ছেলের দ্বারা আগুন লাগার ঘটনা শুনেছি। এই ঘটনায় একটি  অভিযোগ জমা পড়েছে।