Image description

সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে ৬০০ টাকা ঘুষ নিয়ে বাকবিতণ্ডার জেরে জাহাঙ্গীর হোসেন নামের এক ঠিকাদারকে প্রায় এক ঘণ্টা তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক।

 

জাহাঙ্গীর হোসেন বলেন, একটি টেন্ডারের ১ লাখ ৪২ হাজার টাকা জামানত ফেরত পেতে তিনি বুধবার উপ-সহকারী প্রকৌশলী (এসও) আলামিন হোসেনকে এক হাজার টাকা ঘুষ দেন। বৃহস্পতিবার ফাইলটি চূড়ান্ত করতে গেলে তিনি আরও ৫০০ এবং পিয়নের জন্য ১০০ টাকা দাবি করেন। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে অফিসের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলীর নির্দেশে তাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। পরে সহকর্মী ঠিকাদাররা এসে তাকে উদ্ধার করেন।

 

ঘটনাটি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন লিটন, যা নিয়ে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী। তিনি বলেন, ঠিকাদার জাহাঙ্গীর হোসেন অফিসের এসও আলামিনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি আলামিনকে মারতে চান। উত্তেজনা ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরকে সেভ করার জন্য একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। এরপর জেলা ঠিকাদার কল্যাণ কমিটির লোকজনকে খবর দেওয়া হয়। তারা পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়েছে।

 
 

 

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বলেন, খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেওয়া হয়েছে। তবে ঘুষের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।