বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। এতে কোনো আপত্তি নেই। কিন্তু হলুদ সাংবাদিকতা যেন না হয়। এতে দেশ ও এলাকার অনেক ক্ষতি হয়।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘সাংবাদিকদের যেসব অসুবিধা রয়েছে, তা নিয়ে ইতিমধ্যে আমাদের তথ্যমন্ত্রী ওয়েজ বোর্ড, সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করছেন। তবে একটি বিষয়ে অনুরোধ কোনোভাবেই যেন মিথ্যা সংবাদ বা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন বিভ্রান্তিকর খবর প্রকাশ না হয়। আসুন,আমরা সবাই একসঙ্গে দেশ গড়ার কাজে লাগি।
তিনি আরো বলেন, ‘প্রত্যেকটি জায়গায় ভঙ্গুর রয়েছে, অনেক জায়গায় দুর্নীতি হয়েছে। সেইগুলোকে পূরণ করতে হলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সরকারি কর্মকর্তারাও প্রধানমন্ত্রীর কর্মদক্ষতা দেখে নিজেদের পরিবর্তন করছেন। যারা কর্মঅক্ষম, তারা নিজেরাই সরে যাচ্ছেন।
আমরা যারা নির্বাচিত হয়েছি, জনগণের কাছে আমাদের কিছু প্রতিশ্রুতি রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সেগুলো বাস্তবায়নে আমরা কাজ করছি। এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত যাদের ১০ হাজার টাকা কৃষিঋণ ছিল, তা সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া ভিজিএফ, কৃষক ও ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
বিমানবন্দর নিয়ে তিনি বলেন, ‘বিগত সরকার নানা কারণে অনেকগুলো বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়ার বিমানবন্দরগুলো একদম চালু ছিল, সেগুলোকে বন্ধ করা হয়েছে, এগুলোকে আবারও চালু করব আমরা।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।