Image description
 

হবিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ মোট ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

 

মামলাটি গ্রহণ করে বিচারক আব্দুল মন্নান আগামী ৯ মার্চ আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন। বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদল সমর্থক বলে উল্লেখ করেছেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট মো. আঙ্গুর আলীসহ কয়েকজন আইনজীবী।

 

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সায়েদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমসহ মোট ৫৬ জন।

 

বাদীর অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এতে মাহমুদুল হাসানসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।