বিশ্ববাজারের প্রভাবে দুবাইয়ে স্বর্ণ ও রুপার দাম সামান্য কমেছে। বৃহস্পতিবার ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৬২৫ দশমিক ৭৫ দিরহামে নেমে আসে, যা আগের দিন বুধবার সন্ধ্যায় ছিল ৬২৮ দশমিক ২৫ দিরহাম। বিষয়টি জানিয়েছে খালিজ টাইমস।
স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৮ দশমিক ৫২ ডলার, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ১৭ শতাংশ কম। একই সময়ে রুপার দাম আউন্সপ্রতি ৩৩০ দশমিক ২৫ দিরহামে লেনদেন হয়েছে, এতে দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ।
দুবাইয়ের খুচরা বাজারেও স্বর্ণের বিভিন্ন মানের দামে কিছুটা নিম্নগতি দেখা গেছে। ২২ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম ৫৭৯ দশমিক ২৫ দিরহাম, ২১ ক্যারেট ৫৫৫ দশমিক ৫০ দিরহাম, ১৮ ক্যারেট ৪৭৬ দশমিক ২৫ দিরহাম এবং ১৪ ক্যারেট ৩৭১ দশমিক ৫ দিরহামে বিক্রি হয়েছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ নতুন করে বাণিজ্য উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে। চলতি সপ্তাহে কার্যকর হওয়া এই শুল্কহার আরও বাড়তে পারে এমন ইঙ্গিতও রয়েছে। এতে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ঝুঁকি তৈরি হয়েছে। ফলে অনেক বিনিয়োগকারী ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন, যার প্রভাব মূল্যবান ধাতুর বাজারে পড়ছে।
বিনিয়োগ ব্যাংক জেপি মরগান দীর্ঘমেয়াদে স্বর্ণের দামের পূর্বাভাস বাড়িয়েছে। প্রতিষ্ঠানটি আউন্সপ্রতি ৪ হাজার ৫০০ ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং ২০২৬ সালের শেষ নাগাদ দাম ৬ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। তাদের মতে, বৈশ্বিক পোর্টফোলিও বৈচিত্র্যকরণের প্রবণতা অব্যাহত থাকলে স্বর্ণের দামে আরও ঊর্ধ্বমুখী চাপ তৈরি হতে পারে।
ক্রিটিক্যাল মেটালসের প্রধান নির্বাহী টনি সেজ জানিয়েছেন, আগের সেশনের পতনের পর স্বর্ণের দাম আংশিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। তার মতে, বাণিজ্য ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা বাড়লে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বাড়তে পারে।
এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা আবার শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজার পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ইরানের পক্ষ থেকে আগ্রহ দেখানো হলেও চূড়ান্ত সমঝোতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি পূর্ব ইউরোপের চলমান সংঘাত ও মেক্সিকোর রাজনৈতিক অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি করছে, যার প্রভাব মূল্যবান ধাতুর বাজারে অব্যাহত থাকতে পারে।
দেশের বাজারে সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হচ্ছে।