Image description
 

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে নিহত সাব্বিরের হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সপুরা এলাকার টিটিসির সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় তারা অবিলম্বে মূল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিক্ষোভকারীরা “ফাঁসি চাই, ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”সহ বিভিন্ন স্লোগান দেন এলাকাবাসী।

 

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে সড়কে জ্বালানো আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী সড়ক ছেড়ে দেন।

 

এলাকাবাসীর দাবি, নিহত সাব্বির অত্যন্ত শান্ত-শিষ্ট স্বভাবের ছিলেন। সামান্য বিষয়কে কেন্দ্র করে একই মহল্লার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। তারা দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে নগরীর শাহমুখদুম থানা এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে ছুরিকাঘাতে সাব্বিরকে হত্যা করা হয়।
নিহত সাব্বির নগরীর পবার রাইসমিলপাড়া এলাকার বাসিন্দা শাহিন ইসলামের ছেলে।

স্থানীরা জানান, একই মহল্লার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) পূর্ব বিরোধের জেরে সাব্বিরকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা জানান, জাসন মাদকাসক্ত এবং সম্প্রতি এলাকায় তার অত্যাচার বেড়ে গিয়েছিল। নিহত সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। 

জনকণ্ঠ