Image description

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৬টি পদে, বিএনপি সমর্থিত প্রার্থীরা ৫টি পদে এবং জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা ২টি পদে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে সরাসরি ব্যালটে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহা. শামসুদ্দীন প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ সমমনা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (নজরুল-হাসিব পরিষদ) সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয়ী হয়েছে। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (ওদুদ-কনক পরিষদ) সভাপতিসহ ৫টি পদে এবং জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল (মতিউর-তসিবুর পরিষদ) ২টি পদে বিজয় অর্জন করেছে।

জানা যায়, ৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের প্রার্থী এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল ওদুদ। ৭৯ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী প্যানেলের আলহাজ নজরুল ইসলাম (২)। অপরদিকে ৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আওয়ামী প্যানেলের মোহা. আবু হাসিব। ৭৯ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহা. মাহমুদুল ইসলাম (কনক)।

নির্বাচনে ভোটার ছিলেন ২২৭ জন। যার মধ্যে ২০৯ জন ভোট প্রদান করেন। কার্যনির্বাহী কমিটির ১৩ পদের জন্য তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৬ জন প্রার্থী। এর মধ্যে শুধু বিএনপি সমর্থিতরা ১৩ প্রার্থীর পূর্ণ প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আওয়ামী সমর্থিতরা ১২ এবং জামায়াত সমর্থিতরা ১১ প্রার্থীর প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী প্যানেলের প্রার্থীরা সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি, সহ- সাধারণ সম্পাদক (দ্বিতীয়), অর্থ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে বিজয়ী ( প্রথম ও তৃতীয়) হয়েছেন। অপরদিকে বিএনপি প্যানেলের প্রার্থীরা সভাপতি ছাড়াও সহসভাপতি, সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে বিজয়ী (দ্বিতীয় ও চতুর্থ) হয়েছেন। এ ছাড়া জামায়াত মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন সহ-সাধারণ সম্পাদক (প্রথম) এবং গ্রন্থাগার সম্পাদক পদে।