Image description
 

পাহাড় কেটে জরিমানা গুনলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। নগরীর জয়পাহাড় আবাসিক এলাকার মধ্যে ব্রিটিশ আমল থেকে নির্ধারিত পাহাড়ি এলাকা কেটে সীমানা দেয়াল নির্মাণের কারণে পরিবেশ অধিদদপ্তর ৯ কোটি ৬০ লাখ টাকা জরিমানা করা।

 

আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক বিপিসির কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে এই জরিমানা করেন।

 

শুনানিতে বিপিসির ডিজিএম এস এম জোবায়ের হোসেন পাহাড় কাটার বিষয়টি স্বীকার করেন। এর আগে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশফাকুর রহমান ও সিনিয়র টেকনেশিয়ান ওমর ফারুক গত সোমবার পাহাড় কাটার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তাদের রিপোর্টে ১৫০ ফুট দীর্ঘ, ৮ ফুট চওরা ও ৮ ফুট গভীর করে ৯ হাজার ৬০০ বর্গফুট পাহাড় কাটার প্রমাণ পেয়েছে। এতে প্রতি বর্গফুট ১০০ টাকা হিসেবে ৯ লাখ ৬০ হাজার টাকার পরিবেশগত ক্ষতিপূরণ হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। একইসাথে বিপিসি কর্তৃপক্ষ পাহাড় কাটার স্থানটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার পাশাপাশি উক্ত জরিমানার টাকা পরিশোধ করতে হবে। 

 

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক সোনিয়া আকতার বলেন, পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত) ২০১০ এর ৬(খ) অনুযায়ী পাহাড় কাটা সম্পুর্ন নিষিদ্ধ। তাই আমরা যেখানেই পাহাড় কাটার প্রমান পেয়ে থাকি সেখানেই ব্যবস্থা নিয়ে থাকি। একইসাথে কাটার স্থানকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্যও নির্দেশনা দেয়া হয়ে থাকে। 

এদিকে পাহাড় কাটার বিষয়ে বিপিসির সচিব শাহিনা সুলতানা দেশ রূপান্তরকে বলেন, সীমানা দেয়াল নির্মাণের জন্য আমরা পাহাড়ের পাদদেশে কাজ করছিলাম। পাহাড় কাটা হচ্ছিল না। 

 

উল্লেখ্য, বিপিসি এর আগেও পাহাড়ের এই এলাকায় ৫ তলার স্টিলের কাঠামো নির্মাণ করে। তখন সীমানা দেয়াল নির্মাণের জন্য পাহাড়ের পাদদেশে গর্ত করেছিল। পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয়।