Image description

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামী লীগপন্থিরা বেশি পদ পেয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগপন্থি ছয়জন, বিএনপিপন্থি পাঁচজন ও জামায়াতপন্থি দুজন আইনজীবী নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন হয়। সন্ধ্যায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শামসুদ্দীন। মোট ২২৭ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২০৯ জন।

 

এবারের নির্বাচনে তিনটি প্যানেলে মোট ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (আবদুল ওদুদ-মাহমুদুল ইসলাম কনক) থেকে ১৩ জন, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল (নজরুল-হাসিব) থেকে ১২ জন এবং জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল (মতিউর-তসিবুর) থেকে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল ওদুদ, সহসভাপতি মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আসমাউল হুসনা তমা, কার্যনির্বাহী সদস্য পদে তানভীর আহমেদ সিদ্দিকী ও মাইনুল ইসলাম অন্তর।

 

 

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে আবু হাসিব, সিনিয়র সহসভাপতি পদে তরিকুল ইসলাম আজিজি, সহ-সাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক পদে গোলাম মোরশেদ, কার্যনির্বাহী সম্পাদক পদে নিলুফার রহমান নীলু ও জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।

 

এ ছাড়া জামায়াত সমর্থিত প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে শফিক এনায়েতুল্লাহ ও গ্রন্থাগার সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।