ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা চলছে।
বিএনপি সূত্রে জানা গেছে, স্পিকার পদে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আগাম অভিনন্দন জানানোর ঘটনাও দেখা গেছে।
তবে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ড. মঈন খান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তিনি এশিয়া পোস্টকে বলেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। এ ছাড়া সরকার বা কোনো মহল থেকে এ বিষয়ে আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী বিএনপির সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাদের সংসদ নেতা নির্বাচিত করেছেন। কিন্তু নতুন সংসদে স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ কারা হচ্ছেন তা নিয়ে দলটির ভেতরে নানারকম আলোচনা রয়েছে।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংসদ সদস্যদের ভোটে স্পিকার নির্বাচিত হবেন। সাধারণত বিদায়ি স্পিকারের সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচনের বিধান থাকলেও এবার সেই প্রক্রিয়ায় কিছুটা ব্যতিক্রম হতে পারে।
আগামী সংসদে স্পিকার পদে জোর আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক।