বাগেরহাটের মোংলা পৌরসভায় একটি মদের দোকানের দরজা ঝালাই করে বন্ধ করে দিয়েছেন স্থানীয় মুসল্লিরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে পৌরসভার আলিয়া মাদ্রাসা রোড এলাকায় অবস্থিত সরোয়ার হোসেনের লাইসেন্সকৃত ওই দোকানের দরজা ঝালাই করে দেওয়া হয়। এর আগে আলিয়া মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে বসে দোকানটি বন্ধ করার সিদ্ধান্ত নেন। পরে তারা গিয়ে দোকানের দরজা ঝালাই করে বন্ধ করে দেন।
স্থানীয় মুসল্লি আলী আজম জানান, রমজান মাস শুরুর আগেই মুসল্লিদের পক্ষ থেকে দোকান মালিককে একাধিকবার অনুরোধ করা হয়েছিল দোকানটি বন্ধ রাখার জন্য, কিন্তু তিনি তা মানেননি। ফলে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা দরজা ঝালাই করে দেন।
মোংলা পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী বলেন, মদের দোকানটির সামনেই একটি মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে। সেখানে বসে মদ্যপান করে অনেকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ক্ষুব্ধ মুসল্লিরা এ পদক্ষেপ নিয়েছেন।