Image description

চলন্ত গাড়িতে ধাক্কা দেওয়ার পর দুর্বৃত্তরা বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাসকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক মাধ্যমে জানালে উদ্বেগ ছড়িয়ে পড়ে সহশিল্পী, আত্মীয়-স্বজন ও ভক্তদের মধ্যে।

মনিরা মিঠু শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি লিখেছেন, “সম্মানীত সহশিল্পীবৃন্দ, আত্মীয়-স্বজন, স্নেহভাজন গতকাল মধ্যরাত পর্যন্ত আমার সন্তানের খোঁজখবর নিচ্ছিলেন এবং যথেষ্ট উদগ্রীব ছিলেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

 

ছেলের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “আমার বড় সন্তান উপন্যাসের সারা শরীর ব্যথায় কাতর। তার ডান চোখে বেশি আঘাত করা হয়েছে।

আমার সন্তানের হাঁটুর ওপর একজন দাঁড়িয়ে গলা টিপ দিয়ে ধরে রেখেছিলেন আর আরেকজন লাথি-ঘুষি মারছিলেন।”

 

ঘটনার নৃশংসতা তুলে ধরে মনিরা মিঠু আরো বলেন, “আমার সন্তানকে রাস্তায় ফেলে গাড়ির মালিক ও তার চালক জানোয়ারের মতো যেইভাবে রক্তাক্ত করেছে, তার ভিডিও আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এই মুহূর্তে আমার আর কিছু বলার ভাষা নেই।”

এর আগে সামাজিক মাধ্যমে মনিরা মিঠু ঘটনার গাড়ির নম্বরও শেয়ার করেন।

তিনি লিখেছেন, “কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে, আমার বড় ছেলে উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে, পালিয়েছে দুজন।”

 

এদিকে, অভিনেত্রী আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে।