Image description

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী হলেন মীর মাহে আলম। তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মীর শাহে আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নিয়েছেন তিনি।

 

শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বগুড়া-২ আসনে ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন মীর শাহে আলম। তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি। মীর শাহে আলম ১৯৯৭ সালে মাত্র ২৩ বছর বয়সে উপজেলার আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তার রাজনৈতিক পথচলা শুরু করেন। 

২০০৯ সালে মীর শাহে আলম শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এবার তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়।

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, ৩৫ বছর পর বগুড়ায় মন্ত্রী হিসেবে আমাদের নেতা মীর শাহে আলমকে মনোনীত করায় দলের প্রধান তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।

মীর শাহে আলম বলেন, বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে এবং তার পরামর্শ নিয়ে যতটুকু করার, তা আমি করব, ইনশাআল্লাহ।

 

 

তিনি বলেন, ১৭ বছর ধরে বগুড়া অবহেলিত। আমরা পিছিয়ে পড়া জায়গাগুলো চিহ্নিত করে কাজ করার চেষ্টা করব। সেই সঙ্গে অন্য জেলাও যাতে পিছিয়ে না পড়ে সেটাও দেখতে হবে।