Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর–৬ পীরগঞ্জ আসনে টানটান উত্তেজনার মধ্য দিয়ে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ নুরুল আমীন।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী মোঃ নুরুল আমীন পেয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৯১৯ ভোট। ফলে ভোটের ব্যবধান দাঁড়ায় মাত্র ১ হাজার ৯৭১।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর হাতপাখা প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ পেয়েছেন ২ হাজার ৭৪ ভোট। জাতীয় পার্টি–এর লাঙ্গল প্রতীকের প্রার্থী নুর আলম মিয়া পেয়েছেন ১ হাজার ২৬৪ ভোট। এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী ছাদেকুল ইসলাম পেয়েছেন ২১৮ ভোট।

 

স্বতন্ত্র প্রার্থী খন্দকার শাহিদুল ইসলাম (ফুটবল) পেয়েছেন ২২৭ ভোট। তাকিয়া জাহান চৌধুরী (সূর্যমুখী) পেয়েছেন ১৫০ ভোট। আবু জাফর মোঃ জাহিদ (ঘোড়া) পেয়েছেন ১৫৬ ভোট।

 

পীরগঞ্জ আসনে মোট ভোটার ছিল ৩ লক্ষ ৫২ হাজার ৮৫২ জন। এর মধ্যে ২ লক্ষ ৩৯ হাজার ৮৯৮টি বৈধ ভোট এবং ৫ হাজার ৭২টি বাতিল ভোট গণনা করা হয়। মোট ভোটের ৬৯.৪৩ শতাংশ ভোটার তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন।