Image description
 

ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির ইতিহাসের অন্যতম বড় এই সমরাস্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়।

সব মিলিয়ে ৩ লাখ ৬০ হাজার কোটি রুপির (৩ হাজার ৯৭০ কোটি ডলার) বিশাল এক প্রতিরক্ষা ব্যয় প্যাকেজ অনুমোদন করেছে নয়াদিল্লি। এর আওতায় সশস্ত্র বাহিনীর তিন শাখার জন্যই একাধিক সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ঠিক কয়টি বিমান কেনা হচ্ছে, তা নির্দিষ্ট করে না জানালেও ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে সায় দিয়েছে ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)। 

এর মধ্যে ১৮টি সরাসরি ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের কাছ থেকে আসবে। বাকি ৯৬টি তৈরি হবে ভারতের মাটিতেই।

 

এই বিশাল প্যাকেজের তালিকায় নৌবাহিনীর জন্য বোয়িং পি৮আই পোসেইডন নজরদারি বিমান ও স্থলবাহিনীর জন্য অ্যান্টি-ট্যাংক মাইন রয়েছে। এ ছাড়া সোভিয়েত আমলের টি-৭২ ট্যাংক ও বিএমপি-২ সাজোয়া যানগুলোকে আধুনিকায়নের উদ্যোগও এই প্যাকেজের অন্তর্ভুক্ত।

ভারতের বিমানবাহিনীতে যুদ্ধবিমানের ঘাটতি পূরণে নতুন এই বিমানগুলো বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের একটি সংসদীয় প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিমানবাহিনীর জন্য কমপক্ষে ৪২টি স্কোয়াড্রন প্রয়োজন হলেও বর্তমানে তাদের হাতে আছে মাত্র ২৯টি। 

গত বছরের সেপ্টেম্বরে স্নায়ুযুদ্ধকালীন মিগ-২১ যুদ্ধবিমানের দুটি স্কোয়াড্রন অবসরে পাঠায় ভারত। আগামী বছরগুলোতে আরও কিছু বিমান অবসরে যাবে।

এর আগে গত এপ্রিলে নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল-মেরিন যুদ্ধবিমান কেনার আদেশ দিয়েছিল ভারত। দাসো জানিয়েছে, ফ্রান্সের বাইরে ভারতই প্রথম দেশ যারা এই বিশেষ সংস্করণটি ব্যবহার করতে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমানবাহিনী রাফাল ব্যবহার করেছিল। তখন পাকিস্তানের চীনা জে-১০সি যুদ্ধবিমানের সঙ্গে লড়াইয়ে অন্তত একটি রাফাল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়।

আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফরে থাকবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা 'ইন্ডিয়া–ফ্রান্স ইয়ার অব ইনোভেশন' উদ্বোধন করবেন এবং নয়াদিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেবেন।