জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর তিন কর্মীকে আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর ইসলাম (৪৫), জহুরুল ইসলাম (৫০) ও মেহেদী হাসান (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে একটি মাইক্রোবাসে করে তিন ব্যক্তি মাদারগঞ্জের কয়ড়া ও গোলাবাড়ী এলাকায় ঘুরে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী চরগোলাবাড়ী এলাকা থেকে তাদের আটক করেন। পরে তাদের কয়ড়া বাজারে নিয়ে পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ঘটনাটি পরিকল্পিত। আমাদের কর্মীকে যে স্থানীয় ব্যক্তি আটক করে সেই ব্যক্তি আগেও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন আটক তিনজনকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন।