Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পাবর্তীপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষ তালা প্রতীকের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ হামলায় ধানের শীষের চার সমর্থক আহত হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ৮টায় শহরের নিউকলোনী ধুপিপাড়া মহল্লায় তালা মার্কার একটি দল এজাজুল হক, আতিকুর রহমান স্বপন, শরিফুল ইসলাম বাবুপিতা, ধুপিপাড়া, মমিন ও সামাদ ওরফে গুড্ডুসহ ২০/৩০ জনের অজ্ঞাত দল ধারালো অস্ত্র নিয়ে ধানের শীষ সমর্থক ইসমাইল হোসেনর ছেলে মজিদ ওরফে মজনুর বাড়িতে হামলা ভাঙচুর চালায়। এ সময তালা মার্কার সমর্থকেরা মজনুর স্ত্রী বর্ষা (২২), রাজু (৩৫) রাজুর স্ত্রী রুমাকে (৩০) বেদম প্রহার করে। এ হামলায় গুরুতর আহত হয়েছে জাতীয়তাবাদী হর্কাস দলের সম্পাদক মজনু ও রাজু। আহত অবস্থায় তাদের হলদীবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সহকারী রিটানিং অফিসার সাদ্দাম হোসেন আমার দেশকে বলেন, আমি ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে পেরে সঙ্গেসঙ্গে ভ্রাম্যমাণ টিমকে পাঠিয়েছি।

রেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জুলফিকার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। ধানের শীষের সমর্থকদের বাড়িতে হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হলদীবাড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

তালা মার্কার সমর্থক তোফা ও সামাদ( গুড্ডু) সাথে মুঠোফোনে কথা হলে তারা বলেন, ধানের শীষ মার্কার লোকজনরা ৫০/১০০ টাকা করে মহিলাদের দিচ্ছিল। এ খবর পেয়ে আমাদের লোকজনরা বাধা দেয়।

এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা, হারুনুজ্জামান বলেন, আহত ৪ জন এখানে চিকিৎসা নিয়েছে। ২ জনের মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ হওয়াতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।