আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের ধানের শীষের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জনগণের কথায় সরকার চলবে। আমরা আকাশকুসুম স্বপ্ন দেখতে চাই না, বাস্তবতার আলোকে কাজ করতে চাই।’
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিএনপির পার্টি অফিসের সামনে মিছিলের আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ রাজনীতি পরিচালনা করতে চায় বিএনপি।
এ সময় তিনি বলেন, ‘ভোট দেওয়া শুধু অধিকার নয়, ভোটের ফলাফল রক্ষা করাও জনগণের দায়িত্ব।’
গণমিছিলে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি কখনো পথ হারিয়ে ফেলি, আপনারা পথ দেখিয়ে দেবেন।
এ ছাড়া এবারের নির্বাচনে অংশগ্রহণ করা অন্যান্য প্রার্থীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি আশা প্রকাশ করেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গণমিছিল ও সমাবেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন। তারা নানা স্লোগান ও প্ল্যাকার্ড বহন করে নির্বাচনী গণমিছিলে অংশ নেন।