ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের ধানের শীষের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর শেষ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
আজ (৮ জানুয়ারি) সোমবার বিকেলে লালমোহন উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও ৬ বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সঞ্চালনায় মেজর হাফিজ বলেন, আপনারা আমাকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন কিন্তু বিগত নির্বাচনে আমি নিজের ভোটও দিতে পারি নাই। ২০১০ এর উপনির্বাচনে প্রায় পঞ্চাশ হাজার লোক আমাকে লঞ্চঘাট থেকে রিসিভ করে এনেছে। পরবর্তীতে পুলিশ দিয়ে আমার বাসা ঘিরে রাখা হয়েছে। ১৫ দিন ঘর থেকে বের হতে দেয়নি। উল্টো ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে আমার নামে মামলা দেওয়া হয়েছে।
তোফায়েল আহমেদ আমার সঙ্গে ভোটে হেরে যাওয়ায় ঢাকা থেকে একটা খুনিকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সে আমার এজেন্ট ও মহিলা সমর্থকদের কুপিয়ে আহত করেছে। বিগত সরকার সুষ্ঠু নির্বাচন দেয় নাই। শেখ হাসিনা দেশের সম্পদ লুন্ঠন করে লন্ডন কানাডা ও আমেরিকাতে সম্পদের পাহার গড়েছে। ভূমি প্রতিমন্ত্রীর লন্ডনে ৩৬০ টি বাড়ি আছে। বিগত সরকার প্রতিবাদী যুবক ও বিএনপি কর্মীদেরকে আয়না ঘরে রেখেছে। সাবেক এমপি ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। বোরহানউদ্দিনে জঙ্গি নাটক সাজিয়ে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ফাঁসিয়ে নির্যাতন করা হয়েছে। এসকল অত্যাচারের কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। এর ফলে তাদের উপর আল্লাহর গজব নেমে এসেছে।
মেজর হাফিজ বলেন, বাংলাদেশ কারো গোলাম হবে না স্বাধীন সার্বভৌম থাকবে। জিয়াউর রহমানের মত এমন সৎ মানুষ খোলাফায়ে রাশিদিন ছাড়া আর কেউ নাই। একটি দল যারা আমাদের মিত্র ছিল তারা আজ জান্নাতের বিনিময়ে ভোট চাইছে। হুজুরেরা কিভাবে দেশ চালাবে। দেশ চালাতে অভিজ্ঞতা প্রয়োজন। বিএনপি ৪ বার দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। লালমোহনের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসা রাস্তা ব্রিজ সহ সকল উন্নয়ন আমার হাত ধরেই এসেছে।
তিনি বলেন, আপনারা আমার দিকে তাকিয়ে ভোট দিবেন। আমার পাশে স্টেজে কারা আছে তাদের দিকে তাকাবেন না। আমাকে ভোট দিয়ে আমার কাছ থেকে সকল হিসাব বুঝে নিবেন।
বিএনপি সরকার গঠন করলে এলাকার নদী ভাঙন প্রতিরোধ সহ সার্বিক উন্নয়ন করা হবে ঘোষণা দিয়ে তিনি বলেন, ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
জনসভায় লালমোহন উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি সহ সকল ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শীর্ষনিউজ