Image description

গণভোটের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

 

তিনি বলেন, ‘প্রতিটি ব্যালট গণনা করা হবে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হবে এবং পরের দিন ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনার কাজ শেষ হবে।’

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

 

গণভোটের কারণে ভোট গণনায় তিন থেকে পাঁচ দিন সময় লাগবে, এমন প্রচারণার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, 'ভোট গণনা শেষ করতে পাঁচ দিন সময় লাগার কোনো সম্ভাবনা নেই। আমরা ভোট গণনা শুক্রবার সকাল ১০টায় শেষ করব। আমাদের প্রতিটি ব্যালট গুনতে হবে, এই সময়টুকু দিতে হবে। সব আসনে ভোটার কিন্তু সমান নয়। তা ছাড়া ভোট দ্রুত গণনা করে কর্মকর্তারাও বাড়ি যেতে চান, তাই কেউ ব্যালট নিয়ে বসে থাকবে না।'

 

তিনি আরও বলেন, 'ভোট নিয়ে এখন আর কোনো শঙ্কা নেই। নির্বাচনের বেশি সময় আর বাকি নেই। আগামীকাল সকাল থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যেন প্রচার-প্রচারণা বন্ধ থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল প্রচারণা নিবিড়ভাবে মনিটরিং করা হবে।'

 

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো এবং মারাত্মক কোনো খবর আসেনি। তবে নির্বাচনি সহিংসতায় দুটি প্রাণহানির ঘটনাকে 'দুঃখজনক ও নিন্দনীয়' বলে অভিহিত করেন তিনি।

 

রাজনৈতিক নেতাদের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, 'মিছিল-মিটিংয়ে বক্তব্য ও পাল্টা বক্তব্য নির্বাচনেরই অংশ। এখন পর্যন্ত এসব বক্তব্য শালীনতার মধ্যেই আছে বলে আমরা মনে করি।'

 

এর আগে সোমবার রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনি পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একই কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

 

তিনি বলেন, নির্বাচন নিয়ে যত শঙ্কা ছিল, সেগুলো আমরা সবার সহযোগিতায় এরই মধ্যে কাটিয়ে উঠেছি। ইনশাআল্লাহ, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

 

একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্বের আশঙ্কা করা হচ্ছে কি না, এমন প্রশ্নে তিনিও বলেন, ‘কোনোভাবেই তিন দিন নয়, বরং শুক্রবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই ফলাফল দেওয়া যাবে। আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিভাইস ব্যবহারের কারণে ফলাফল দ্রুত সংগ্রহ করা সম্ভব। যদিও দুর্গম এলাকার কারণে কিছু কেন্দ্রে সামান্য দেরি হতে পারে।’