Image description

আসছে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। এদিকে শেষ মুহূর্তে এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের প্রার্থীরা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রচার-প্রচারণা নিয়ে।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন বিএনপিপন্থি একঝাঁক শিল্পী। শিল্পীদের সে তালিকায় ছিলেন এক সময়ের জনপ্রিয় নায়িকা সিমলা।

 

বিএনপির নির্বাচনি প্রচারণায় এসে নায়িকা সিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।’

 

ম্যাডাম ফুলি খ্যাত এই নায়িকা আরও বলেন, ‘আমরা বাঙালি তো কাদা ছোড়াছুড়ি অনেক পছন্দ করি। এত বছর তো করলাম। সেই ১৯৭১ সাল থেকে শুরু করে এত বছর তো কাদা ছোড়াছুড়ি করেই আসছি। এবার ধানের শীষে ভোটটা দেই। আমাকে নিয়ে কেউ নয় ছয় কথা বলবেন না প্লিজ। আমার অনেক কথা আছে, সব ১২ তারিখের পর বলব।’

 

 

এদিকে নায়িকা সিমলাকে বিএনপির নির্বাচনি প্রচারণায় দেখে অনেকেই অবাক হচ্ছেন, কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে মনোনয়ন ফরম নিয়েছিলেন সিমলা। সেসময় ‘ম্যাডাম ফুলি’ খ্যাত সিমলা তার জন্মস্থান ঝিনাইদহ-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। অনেক দিনের স্বপ্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার।’

 

শুধু তাই নয় তিনি আরও বলেছিলেন, ‘আমি জানি কথাটা হাস্যকর হবে। তারপরও বলি, স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে।’ ২০২৪ সালের নির্বাচনের আগে স্বপ্নে সাবেক প্রধানমন্ত্রীকে দেখা ও আওয়ামী লীগ পরিবারের সেই নায়িকাকে এখন বিএনপির নির্বাচনি প্রচারণায় দেখে অনেকেই নানা প্রশ্ন তুলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা।

 

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন শিমলা। প্রথম চলচ্চিত্রেই অভিনয়ের জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্রে নিজের অবস্থান ধরে রেখেছেন এই অভিনেত্রী।