ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে চাকরি হওয়া পর্যন্ত শিক্ষিত তরুণদের বিশেষ আর্থিক ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
ভাষণে নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, সরকার গঠন করলে বিএনপি শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি এই বেকার ভাতা হয়তো একজন শিক্ষিত বেকারকে স্বীয় উদ্যোগে, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সক্ষমতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
নারীদের বিষয়ে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনশক্তির বেশি নারী শক্তিকে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতির মূল ধারার বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়।