সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা টেলিভিশনের লোগো সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রবাসীদের ‘দুই টাকার কামলা’ বলে আখ্যায়িত করেছেন।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ভাইরাল হওয়া এই ফটোকার্ডটি যমুনা টিভির নয়। যমুনা টিভির অফিশিয়াল ফেসবুক পেজে এ ধরনের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
যমুনা টিভি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তারা এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি। যমুনা টিভির আসল ফটোকার্ডে সাধারণত নিচের অংশে বিজ্ঞাপন থাকলেও এই ভুয়া কার্ডটিতে তা নেই।
উল্লেখ্য, এর আগেও একই ছবি ব্যবহার করে ডা. শফিকুর রহমানের নামে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল।
প্রকৃতপক্ষে, গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জনতার ইশতেহার’ উপস্থাপন অনুষ্ঠানে জামায়াত আমির প্রবাসীদের প্রশংসা করে বলেন, “প্রবাসীরা কেবল ‘রেমিট্যান্স যোদ্ধা’ নন, তারা এই দেশের গর্ব এবং দেশের অবিচ্ছেদ্য অংশ।”