Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলীর পক্ষে নাটোরের নলডাঙ্গা পৌরসভায় মহিলা জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় নলডাঙ্গা পৌর মহিলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এ পথযাত্রায় প্রায় তিন শতাধিক মহিলা নেতাকর্মী ও সাধারণ নারী ভোটার অংশগ্রহণ করেন।

পথযাত্রাটি পৌর মহিলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে নলডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের সমর্থন জানান।

পথযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে নির্বাচনি মাঠে নেমেছে। নির্বাচনি প্রচারে আমরা সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ চায় বাংলাদেশ একটি নতুন ও আদর্শ রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচিত হোক।”

বক্তারা আরও বলেন, জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো ধরনের সন্ত্রাস, কারচুপি বা অনিয়ম যেন না ঘটে—এ বিষয়ে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশাও ব্যক্ত করেন।

পথযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক মোছা. মোস্তাজিয়া বানু, নলডাঙ্গা উপজেলা মহিলা জামায়াতের দায়িত্বশীলা মোছা. রোকেয়া বেগম, নাটোর সদর উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি মোছা. নাইমা ইসলাম, নলডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোছা. হালিমা বেগম, সহকারী সেক্রেটারি মোছা. বেদেনা খাতুন, নলডাঙ্গা পৌরসভার সভানেত্রী মোছা. শিল্পী খাতুনসহ উপজেলা ও পৌরসভার মহিলা জামায়াত ও ছাত্রী সংস্থার বিপুলসংখ্যক নেত্রী ও কর্মী।

এ পথযাত্রাকে কেন্দ্র করে নলডাঙ্গা পৌর এলাকায় নির্বাচনি আমেজ আরও জোরালো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।