ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী আল্লামা মামুনুল হকের রিকশা প্রতীকের সমর্থনে বড় মিছিল করেছেন নারী সমর্থকরা।
আজ রবিবার বিকেলে এনসিপি ঢাকা মহানগর উত্তরের নেত্রী আনিকা তাহসিনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি লালমাটিয়া এলাকা থেকে শুরু হয়ে আল্লাহ করিম মসজিদ ও শিয়া মসজিদ মোড় প্রদক্ষিণ করে পুনরায় লালমাটিয়ায় এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নারীদের হাতে রিকশা মার্কার প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
মিছিলে অংশগ্রহণকারী নারী সমর্থকরা জানান, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় একটি টেকসই পরিবর্তন এবং নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে তারা আল্লামা মামুনুল হককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন। তারা মনে করেন, এলাকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মামুনুল হকের মতো সাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই।
নারী ভোটারদের প্রত্যাশা, আল্লামা মামুনুল হক নির্বাচিত হলে এলাকার নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করবেন। বিশেষ করে ইভটিজিং মুক্ত সমাজ গঠন, কর্মজীবী নারীদের নিরাপত্তা এবং নারীদের ধর্মীয় ও নাগরিক অধিকার সুরক্ষায় তিনি জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে তারা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।