চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় এক লেইসফিতা বিক্রেতার ১৫ বছর বয়সী কন্যাকে জমিতে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগে তিনজন ছাত্রদল নেতা জড়িত বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন ইমাম হোসেন, হৃদয় জমিদার ও রনি। তারা স্থানীয়ভাবে দিদার মিয়াজির কর্মী হিসেবে পরিচিত এবং বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযুক্ত ইমাম হোসেন বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তদের পক্ষ থেকে কিশোরীর মায়ের হাতে ৫ হাজার টাকা দিয়ে চুপ থাকার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে কাউকে কিছু জানালে নির্বাচনের পর ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয়।
জোরারগঞ্জ থানার পুলিশ জানায়, মামলার প্রধান অভিযুক্তদের একজন ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি যারা প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।