Image description

গোপালগঞ্জের মুকসুদপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ফিল্ড ওয়ার্কে যাওয়া শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের একজনের মাথায় এবং অন্যজনের পিঠে কাচ ঢুকে আঘাত লেগেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে কুয়াকাটার উদ্দেশে ফিল্ড ওয়ার্কে যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিরা এলাকায় এ ঘটনা ঘটে।

ফিল্ড ওয়ার্কে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে তাদের বহনকারী গাড়িগুলো ওই এলাকায় পৌঁছালে সেগুলো আটকে দেওয়া হয়। পরে স্থানীয় একটি হাইওয়ে হোটেলে অবস্থান নেন শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় নিয়ে আলোচনা করেন তারা।

 
 
 

শিক্ষার্থীরা জানান, আলোচনার একপর্যায়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের উদ্দেশে ‘সিলেটের যারা আছেন, বের হয়ে যান’ বলে মন্তব্য করেন। পরে একধরনের চাপের মধ্যে তারা সেখান থেকে রওনা দেন। কিছুক্ষণ পর একটি বাজার পৌঁছালে তাদের গাড়িতে আবারও হামলা চালানো হয়। এ সময় মাইক্রোবাসে ভাঙচুর করা হয়। এতে চালকসহ কয়েকজন আহত হন।

 
 

পরে চালক তাদের আবার আগের হোটেলে ফিরিয়ে নিয়ে যান। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। পুলিশি নিরাপত্তায় তাদের পদ্মা সেতু পার করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে সারাদিন তা সম্ভব হয়নি। এখন সবার সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। তারা রওনা দেবেন।’

আহতদের বিষয়ে প্রক্টর বলেন, ‘আমাদের সহকর্মীরা জানিয়েছেন, দুজন আহত হয়েছেন। একজনের মাথায় আঘাত লেগেছে, আরেকজনের পিঠে ভাঙা কাচ ঢুকেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ঢাকায় পাঠানো হবে।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানকার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।