কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন স্থানে রাত হলেই নাশকতার ঘটনা ঘটছে। এবার গাবতলীর ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে ফাটল ককটেল।
আজ রবিবার রাত ৭টা ৫৫ মিনিটের দিকে মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত সেখানে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনাটি দারুসসালাম থানার গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীত পাশের। তবে এতে কেউ হতাহত হয়নি।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন আগামীর সময়কে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। দুর্বৃত্তকে শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।
এর আগে গতকাল গাবতলী, মিরপুর ১০ ও ১৪, পল্টন ও মোহাম্মদপুরে পাঁচটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এ ছাড়া ভোরে বসিলায় পশ্চিম পুলিশ লাইনসের সামনে এসপিবিএনের গ্যারেজে রাখা একটি গাড়িতেও আগুন দেওয়া হয়।