পাকিস্তান সফরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের মুক্তিযুদ্ধের ইতিহাস ঘিরে দেওয়া বক্তব্য জাতির জন্য অবমাননাকর বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সে সঙ্গে স্পিকারের বক্তব্য প্রত্যাহার করে জাতীয় সংসদে ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছে দলটি।
আজ রোববার বিকেলে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক যৌথ বিবৃতিতে এই অভিযোগ করেন।
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস খণ্ডিত করা এবং একাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও ক্ষমা চাওয়ার প্রশ্ন আড়াল করা জাতির জন্য অবমাননাকর। ইসলামাবাদে স্পিকার বলেছেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, পাকিস্তানকে দুর্বল করেছে। করাচির সিন্ধু অ্যাসেম্বলিতে তিনি বলেছেন, অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিপিবি নেতারা প্রশ্ন তোলেন, অতীত ভুলে যাওয়ার সিদ্ধান্ত কে নিয়েছে এবং কার স্বার্থে। বাংলাদেশের জনগণ কিংবা জাতীয় সংসদ এমন সিদ্ধান্ত নেয়নি। ৩০ লাখ শহীদ ও নির্যাতিত মা-বোনের আত্মত্যাগ ভুলে যাওয়ার অধিকার কারও নেই।
বিবৃতিতে নেতারা বলেন, পাকিস্তান এখনো ১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চায়নি। সম্পদের ন্যায্য হিস্যা ও আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের বিষয়ও অমীমাংসিত। এসব প্রশ্ন উত্থাপন না করে পাকিস্তানের সঙ্গে চিরকাল ‘ভাই’ থাকার ঘোষণা শহীদদের প্রতি অবমাননা।
সংসদীয় প্রতিনিধিদলে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও মতিউর রহমান নিজামীর ছেলেদের অন্তর্ভুক্তির বিষয়টিও সমালোচনা করা হয়েছে বিবৃতিতে। সিপিবি নেতারা বলেন, যুদ্ধাপরাধীদের উত্তরসূরিদের নিয়ে পাকিস্তান সফর এবং অতীত ভুলে যাওয়ার ঘোষণা মুক্তিযুদ্ধের অঙ্গীকার মুছে দেওয়ার রাজনৈতিক বার্তা।
পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব ও প্রায় ২৬টি সমঝোতা স্মারক চূড়ান্ত করার ঘোষণার প্রসঙ্গে সিপিবি নেতারা বলেন, সংবিধানের জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি লঙ্ঘন করে বাংলাদেশকে কোনো সামরিক বলয়ে জড়ানো যাবে না। আলোচনাধীন সমঝোতা স্মারকগুলো জনসমক্ষে প্রকাশ ও প্রতিরক্ষা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদে প্রকাশ্য আলোচনার দাবি জানান তারা।
বিবৃতিতে স্পিকারকে সংসদে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তা প্রত্যাহার, পাকিস্তানের কাছে গণহত্যার আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, সম্পদের হিস্যা আদায় ও আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের দাবি রাষ্ট্রীয়ভাবে উত্থাপনের আহ্বান জানানো হয়।
এর আগে দুপুরে নির্বাচন কমিশন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয় দলটি। সেখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। সভায় দলের সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার অংশ নেন।
একই সঙ্গে নির্বাচনে অর্থ ও পেশিশক্তির প্রভাব কমাতে প্রার্থীদের জামানত হ্রাস এবং প্রচার-প্রচারণার দায়িত্ব নির্বাচন কমিশনের নেওয়ার প্রস্তাব দিয়েছে সিপিবি। এ ছাড়া প্রিসাইডিং কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং নির্বাচনী সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান দলটির নেতারা।