Image description

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত চলবে এই সংলাপ। প্রথম দিনে নিবন্ধিত ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কমিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই মতবিনিময় সভা সরাসরি সম্প্রচার করা হবে।

আগামী বছরের শুরুতেই দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও মতামত নিতেই এই সংলাপের আয়োজন করেছে ইসি।

 

এদিকে, নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জোটের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এই অবস্থানের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ১১ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন করব, যাতে জোটের জন্য আলাদা সময় বরাদ্দ করে সে অনুযায়ী সংলাপের আয়োজন করা হয়। বৈঠকে সবার ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

জাতীয় সংলাপের বিষয়েও জোটের অভিন্ন অবস্থানের কথা তুলে ধরে হামিদুর রহমান আজাদ জানান, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতেই ১১ দল জাতীয় সংলাপে বসবে এবং সেখানেও জোটগতভাবে একসঙ্গে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।