রাজশাহীতে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে আসা ৬৫ নারীকে পকেটমারের অভিযোগে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) মাহফিলস্থলে অভিযান চালিয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের আটক করেন।
আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন।
তাদের উদ্দেশ্য ছিল মাহফিলে আসা মানুষের পকেটমারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে এ তাফসির মাহফিল শুরু হওয়ার কথা। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন ড. মিজানুর রহমান আজহারী।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর। আয়োজকদের ধারণা, মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে।
শীর্ষনিউজ