Image description

দেশে নাশকতা, অরাজকতা ও শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার পেছনে অর্থের জোগান এবং নেপথ্যে যোগাযোগ সমন্বয়ের অভিযোগে আলোচনায় এসেছেন সাবেক সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। আওয়ামী লীগ সরকারের আমলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করা এই সাবেক আমলার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেশি-বিদেশি নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা, সাবেক ও বর্তমান প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের একাংশকে সমন্বয় করা এবং বিভিন্ন তৎপরতায় অর্থের জোগান দেওয়ার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখছেন। সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রচেষ্টায় তার অর্থসংযোগের বিষয়টিও সামনে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো ঢাকাটাইমসকে জানিয়েছে, আওয়ামী লীগের সাংগঠনিক ও রাজনৈতিক তৎপরতা সচল রাখার উদ্দেশ্যে পুরোনো প্রশাসনিক যোগাযোগ এবং আর্থিক নেটওয়ার্ক কাজে লাগানো হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিভিত্তিক সচিবের পদ হারানো নুরী এখন দেশের অন্যতম বড় বেসরকারি শিল্পগোষ্ঠী ইউনাইটেড গ্রুপের নির্বাহী পরিচালক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই আমলা সরকার পতনের পরপরই বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ পদে যোগ দেন। সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন, ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠতা এবং রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তার ভূমিকা নিয়ে আগে থেকেই নানা প্রশ্ন ছিল। এখন তার রাজনৈতিক যোগাযোগ ও অর্থের জোগান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীর অর্থসংযোগ নিয়ে জোর আলোচনা

 

নুরীর বাড়ি চট্টগ্রাম বিভাগে। নিজ অঞ্চলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। সাবেক চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের সঙ্গে তার যোগাযোগের বিষয়টিও সম্প্রতি আলোচনায় এসেছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তির মধ্যে এই দুজন রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে নুরীর যোগাযোগের তথ্য সামনে এসেছে। চট্টগ্রাম অঞ্চলের সাবেক ও বর্তমান প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে তার সম্পর্ক এবং আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে ওঠা যোগাযোগের নেটওয়ার্কও নতুন করে আলোচনায় এসেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও দলটির দেশ-বিদেশে অবস্থান করা নেতাদের একটি অংশের সঙ্গে নুরীর যোগাযোগ রয়েছে। সাবেক আমলা, পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে রাজনৈতিক তৎপরতা সমন্বয়ের কাজেও তিনি যুক্ত বলে দাবি করা হচ্ছে। এসব যোগাযোগের মাধ্যমে দলটির নেতাকর্মীদের সংগঠিত করা, বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে উৎসাহিত করা এবং প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করার বিষয়টি আলোচনায় এসেছে। শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন ক্ষেত্রে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় অর্থায়নের অভিযোগও রয়েছে। তবে এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পায়নি ঢাকাটাইমস।

প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা আমিন উল্লাহ নুরী আওয়ামী লীগ সরকারের আমলে একের পর এক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াও শিল্প মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন পদে ছিলেন তিনি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করেছেন। ২০২১ সালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা থাকা অবস্থায় তাকে রাজউকের চেয়ারম্যান করা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৫ জুন থেকে ২০২৪ সালের ১৪ আগস্ট পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ছিলেন। তার স্বাভাবিক চাকরির মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও তাকে প্রথমে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পরে ২০২৪ সালের ২৬ জুন তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রজ্ঞাপন জারি হয়। নতুন মেয়াদ ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট তার চুক্তির অবসান ঘটে। এরপরই ইউনাইটেড গ্রুপে নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন তিনি।

নুরীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানোর পেছনে ওবায়দুল কাদেরের সরাসরি ভূমিকা ছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তাদের ভাষ্য, একনেকের একটি সভায় তৎকালীন সরকারপ্রধানের কাছে নুরীর চাকরির মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছিলেন ওবায়দুল কাদের। প্রথমে এ প্রস্তাবে আপত্তি জানানো হলেও পরে নুরীকে নিজের ‘অত্যন্ত একনিষ্ঠ ও বিশ্বস্ত’ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তাঁর মেয়াদ বাড়ানোর অনুরোধ করেন তিনি। এরপর তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। প্রশাসনের ভেতরে নুরীর প্রভাব ও ওবায়দুল কাদেরের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি এ ঘটনাকে কেন্দ্র করে আরও আলোচনায় আসে।

 

ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীর অর্থসংযোগ নিয়ে জোর আলোচনা

 

রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময়ও নুরীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র থাকাকালে নুরী সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। তাপসের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পরবর্তী সময়ে তাকে রাজউকের চেয়ারম্যান করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। রাজউকে দায়িত্ব পালনকালে প্লট বরাদ্দ, বিধিমালা পরিবর্তন এবং ঢাকার মাদানী অ্যাভিনিউয়ে ইউনাইটেড গ্রুপের ভবন নির্মাণে সহযোগিতার বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকে রাজউকের প্লট পাইয়ে দেওয়ার প্রক্রিয়াতেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা থাকাকালে সিটি করপোরেশনের ৫৪৩ কোটি টাকা এবং বিভিন্ন প্রকল্পের আরও ৪২৩ কোটি টাকা মধুমতি ব্যাংকে স্থানান্তরের বিষয়টি নিয়েও বিতর্ক রয়েছে। অভিযোগকারীদের দাবি, ওই অর্থ স্থানান্তরের ক্ষেত্রে তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন উল্লাহ নুরী শেখ ফজলে নূর তাপসকে সহযোগিতা করেছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরও ওই অর্থ ফেরত পাওয়া নিয়ে জটিলতা রয়েছে বলে তাদের দাবি।

সড়ক বিভাগের সচিব থাকাকালে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরের সঙ্গেও নুরীর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে কয়েকজন সরকারি কর্মকর্তা দাবি করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তাদের ভাষ্য, বিভিন্ন কাজের ‘পারসেন্টেজ’ পৌঁছে দেওয়া এবং বিদেশ থেকে ওবায়দুল কাদেরের জন্য দামি ঘড়ি ও স্যুট আনার বিষয়গুলো তখন সরকারি মহলে আলোচিত ছিল।

সরকার পরিবর্তনের পরও নুরী প্রশাসনের গুরুত্বপূর্ণ মহলে যোগাযোগ বজায় রেখেছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। বর্তমান সরকারের একজন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকের সঙ্গে সম্পর্ক তৈরি করে তিনি নিজের অবস্থান ধরে রেখেছেন এবং তার সহযোগিতায় নতুন পাসপোর্ট পেয়েছেন বলেও সূত্রের ভাষ্য। আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালন করা অনেক আমলা পাসপোর্ট পেতে সমস্যায় পড়লেও নুরী কীভাবে নতুন পাসপোর্ট পেলেন, তা নিয়েও সরকারি মহলে আলোচনা রয়েছে।

ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীর অর্থসংযোগ নিয়ে জোর আলোচনা

একদিকে আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন, অন্যদিকে ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠতা এবং রাজউক ও ডিএসসিসিতে দায়িত্ব পালনকালে ওঠা নানা প্রশ্ন—এসবের পর সরকার পতনের পরপরই ইউনাইটেড গ্রুপে নির্বাহী পরিচালক পদে নুরীর নিয়োগ নতুন করে আলোচনার জন্ম দেয়। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ, সাবেক ও বর্তমান প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয় এবং নাশকতা, অরাজকতা ও শ্রমিক অসন্তোষে অর্থের জোগান দেওয়ার অভিযোগে তার নাম আসায় সেই আলোচনা আরও বিস্তৃত হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও কীভাবে তিনি প্রভাবশালী অবস্থানে রয়েছেন এবং ইউনাইটেড গ্রুপ তাকে এই পদে রাখার পেছনে কী বিবেচনা করেছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

এসব বিষয়ে আমিন উল্লাহ নুরীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ইউনাইটেড গ্রুপের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 
ঢাকা টাইমস