Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির মাঝেও থামছে না বোমা হামলা ও আগুন দেওয়ার ঘটনা।

বৃহস্পতিবার রাত পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় নতুন করে বোমা বিস্ফোরণ ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় বোঝা যাচ্ছে নাশকতা ঠেকাতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আগামী ২৯ ও ৩০ নভেম্বর ঘোষিত এই লকডাউনের আগে ও পরে সহিংসতা হতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দারা। তাই সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেশ কয়েকটি জেলায় পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যদের নামানো হয়েছে। এ ছাড়া নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ক্ষমতাসীন বিএনপি।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি বোমা বিস্ফোরণ ঘটে। একই দিনে ডেমরার ৬৬ নম্বর ওয়ার্ডের বোর্ড মিলস মহাকাশ সড়কে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অফিসে আগুন দেওয়া হয়।

এ ছাড়া শেরপুরে একটি ভূমি অফিস এবং নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ফাহিমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে, কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে।

সহিংসতা বাড়ার আশঙ্কায় নিরাপত্তা জোরদার

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানিয়েছে, দেশের পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে এবং গোয়েন্দা তথ্যগুলো নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

লকডাউনকে কেন্দ্র করে ১০টি জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ কারণে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, ফরিদপুর, বাগেরহাট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও নেত্রকোনায় নজরদারি বাড়ানো হয়েছে।

ঢাকার আশপাশের জেলা ও উপজেলাগুলোতে চিরুনি অভিযান চলছে। এই অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অনেক সাধারণ সমর্থককেও আটক করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) কামরুন মুনিরা টাইমসকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছে। এরই মধ্যে সারা দেশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পুলিশের একটি সূত্র জানায়, ঢাকায় গোয়েন্দা নজরদারি ও গ্রেপ্তার অভিযান আরও বাড়ানো হয়েছে। রাজধানীতে যারা ঢুকছেন, তাদের ওপর কড়া নজর রাখা হচ্ছে।

ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সহিংসতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্য জোগাড় করা এবং মাঠপর্যায়ের নজরদারির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রগুলোর আশঙ্কা, শনিবার বিকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এ সময় যানবাহন এবং সরকারি-বেসরকারি স্থাপনাগুলোতে আগুন দেওয়া হতে পারে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের শাখাগুলোর নিরাপত্তা নিয়েও চিন্তা দেখা দিয়েছে।

পুলিশের সূত্রটি দাবি করে, আগামী ৩০ নভেম্বর রাজধানীতে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা করছে আওয়ামী লীগ।

গোয়েন্দা সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগের পলাতক কেন্দ্রীয় নেতারা দলীয় নেতাকর্মীদের একত্রিত করার জন্য ঢাকা ও আশপাশের কয়েকটি জেলার স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন।

কর্তৃপক্ষের আশঙ্কা, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল এবং ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও সালথা এলাকায় নতুন করে অশান্তি সৃষ্টি হতে পারে।

গোয়েন্দা তথ্যে আরও ইঙ্গিত দেওয়া হয়, বাগেরহাট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও নেত্রকোনায় সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।

ঢাকার বাইরে অগ্নিসংযোগ ও বোমা হামলা

টাইমস প্রতিনিধিদের পাঠানো খবরে রাজধানীর বাইরের তিনটি জেলায় নতুন করে আগুন দেওয়া ও বোমা হামলার বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

শেরপুর: বৃহস্পতিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আসবাবপত্রসহ প্রায় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার পর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণা জানান, বাংলাদেশ রিভিশনাল সার্ভে (বিআরএস) রেকর্ডের কয়েকটি বই ছাড়া অফিসের সব কাগজপত্র পুড়ে গেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা বের করতে তদন্ত চলছে।

কুষ্টিয়া: বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে জেলা কারাগারের মূল ফটক লক্ষ্য করে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে আসা তিনজন হামলাকারী ককটেল ছুড়েই পালিয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

হামলাকারীদের চিনতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।

নেত্রকোনা: গত সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় নেতা ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার হোসেনপুর এলাকায় এই হামলা হয়। এতে বাড়ির বারান্দার একটি ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, দায়ীদের খুঁজে বের করতে তদন্ত চলছে।