২০২৩ সালে সরকারি চাকরি থেকে অবসরে গেলেও এখন পর্যন্ত পেনশন পাননি সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর শ্বশুর। এ ঘটনা তুলে ধরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর্থিক দুরবস্থা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এ সংসদ সদস্য।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। এতে নিজের শ্বশুরের পেনশন না পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ জানালেন, তার শ্বশুর মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষক ছিলেন। অবসরের পর সম্মানজনক জীবনযাপনের জন্য যে অর্থ পাওয়ার কথা, সেটি পেতে তাকে কার্যত রাষ্ট্রের কাছে অনুদান চাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
শিক্ষকদের পেনশন ও অবসরকালীন সুবিধার অর্থের উৎস প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, এসব অর্থ শিক্ষকদের নিজেদের সঞ্চয়। চাকরিজীবনের পুরো সময় বেতন থেকে নির্দিষ্ট অংশ জমা দেওয়ার পর অবসরে সেই অর্থ পাওয়ার কথা। কিন্তু অবসরের পর পাওনা বুঝে নিতে গিয়ে তাদের বলা হচ্ছে, অর্থের সংকট রয়েছে।
হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শিক্ষকদের সঞ্চিত অর্থ দিয়ে রাষ্ট্রের বিভিন্ন ব্যয় নির্বাহ করা হয়, অন্যদের পেনশনও দেওয়া হয়। অথচ যেসব শিক্ষক সারা জীবন অর্থ জমা রেখেছেন, অবসরের পর তাদের পাওনা পরিশোধের সময় অর্থের অভাব দেখা দেয়। এটি শিক্ষকদের জন্য অত্যন্ত হতাশাজনক।
তিনি আরও বলেন, উচ্চপদস্থ আমলা ও মন্ত্রীরা নানা আশ্বাস দিলেও শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং অবসরকালীন অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের আন্তরিকতার ঘাটতি রয়েছে। বর্তমান রাষ্ট্রব্যবস্থায় শিক্ষকদের সংকট ও প্রত্যাশা যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
শিক্ষকদের দাবিগুলো সংসদে তুলে ধরার আশ্বাস দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা চান তাদের দীর্ঘদিনের ভোগান্তি ও ন্যায্য পাওনার বিষয়টি জাতীয় সংসদে আলোচিত হোক। এনসিপির পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের দাবিগুলো তুলে ধরা হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ এবং দলটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।