বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা ড. আ. ন. ম. বজলুর রশীদ দীর্ঘদিন ছিলেন গুরুত্বপূর্ণ পানিসম্পদ মন্ত্রণালয়ে, যে মন্ত্রণালয়ের কাজকর্ম আদতে দৃশ্যমান নয়। সরকারের শত শত কোটি টাকার উন্নয়ন প্রকল্প পানি বা নদীর সঙ্গে সংশ্লিষ্ট। যেসব কাজকর্মের পরবর্তীতে কোনোটিরই সঠিক হিসাব পাওয়া যায় না। এর ফলে লুটপাটও হয়ে থাকে বেহিসেবি।
এসব লুটপাটের ফাঁক-ফোকর সব জেনে ফেলেছিলেন বজলুর রশীদ। আর তাই মন্ত্রণালয়টি ছাড়তে চাননি। আওয়ামী লীগ আমলে একনাগাড়ে দীর্ঘদিন এ মন্ত্রণালয়ে উন্নয়ন উইংয়ের দায়িত্বে থেকে তৎকালীন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও উপমন্ত্রী এনামুল হক শামীমের সঙ্গে যোগসাজশে সরকারের শত শত কোটি টাকা হাওয়া করে দেন এই বজলুর রশীদ। তৎকালীন উপমন্ত্রীর পিএস এক জুনিয়র ও ক্ষমতাবান অফিসারও ছিলেন এই চক্রে যুক্ত।
অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকেও হাত করে নেন এবং লুটপাটের একই ধারায় অব্যাহত রাখেন তিনি। আর সেই অর্থের কিছু অংশ খরচ করে অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা রিজওয়ানাকে ম্যানেজ করে রাজশাহীর বিভাগীয় কমিশনার পদ বাগিয়ে নেন। কিন্তু বিভাগীয় কমিশনার পদে থেকে বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কর্মসূচি- ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে গুরুতর অনিয়ম করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। তাকেসহ আরও তিনজন জেলা প্রশাসককে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অথচ ফ্যামিলি কার্ড কেলেঙ্কারিতে প্রত্যাহার হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেলেন। একে ‘আলাদিনের চেরাগ’র চেয়েও বড় যাদু হিসেবে আখ্যায়িত করছেন সংশ্লিষ্টরা। প্রশ্ন দেখা দিয়েছে, কত টাকায় স্বাস্থ্যসচিব পদ কিনলেন এই শীর্ষ দুর্নীতিবাজ কর্মকর্তা?
শুধু দুর্নীতিতেই নয়, আওয়ামী লীগ আমলে ফ্যাসিস্ট হাসিনা ও শেখ মুজিব বন্দনা বা আনুগত্যেও এই বজলুর রশীদ ছিলেন ব্যাচের অন্য আওয়ামী কর্মকর্তাদের চেয়ে অনেক এগিয়ে। প্রশাসনের কট্টর আওয়ামী গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বৈঠক করতেন। কারণে-অকারণে টুঙ্গীপাড়ায় গিয়ে আনুগত্য প্রকাশ করে আসতেন। ২০২৪ এর জুন-জুলাইয়ে গণঅভ্যুত্থান ঠেকানোর প্রক্রিয়ায়ও তিনি ছিলেন এগিয়ে। সাপ্তাহিক শীর্ষকাগজ ও শীর্ষনিউজ ডটকম’র হাতে ৩ মে. ২০২৪ প্রকাশিত সরকারি বার্তা সংস্থা- বিএসএস’র একটি প্রতিবেদন এসেছে। প্রতিবেদনটির শিরোনাম হলো, “জাতির পিতার সমাধিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শ্রদ্ধা”। ২১ নভেম্বর, ২০২৬ শীর্ষকাগজের এ প্রতিবেদন তৈরির সময়ও বিএসএস’র ওয়েব পোর্টালে ওই প্রতিবেদনটি লাইভে দৃশ্যমান ছিল। বিএসএস’র ওই প্রতিবেদনটি এখানে হুবহু তুলে ধরা হলো, “টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৩ মে, ২০২৪ (বাসস): গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব (উন্নয়ন) ড. আ. ন. ম. বজলুর রশীদ। আজ শুক্রবার বেলা ১১ টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব (উন্নয়ন) ড. আ. ন. ম. বজলুর রশীদ। মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের পদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। ” বাসস বা বিএসএস’র ‘জাতীয়’ ক্যাটাগরিতে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। বাসস’র ‘জাতীয়’ অর্থাৎ প্রধান খবরগুলোর অংশ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে এটিকে।
গণঅভ্যুত্থান শুরু হওয়ায় কিছুদিন আগের ঘটনা এটি। খবরের বিষয়বস্তুতে দেখা যাচ্ছে, মন্ত্রণালয় বা সরকারের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ছিল না ওই দিন টুঙ্গীপাড়ায়। দিবসটি ছিল শুক্রবার অর্থাৎ সরকারি বন্ধের দিন। বজলুর রশীদ নিজ উদ্যোগেই মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ কয়েকজন আওয়ামী কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে সেখানে গেছেন। হাসিনার প্রতিষ্ঠিত আওয়ামী ফ্যাসিজমের প্রতি অতি আনুগত্য ছাড়া এটা কোনো সরকারি কর্মকর্তার পক্ষে সম্ভব নয়, যা তিনি দেখিয়েছেন। শুধু সেইদিনই নয়, আরও বিভিন্ন সময়ে আ. ন. ম. বজলুর রশীদ গোপালগঞ্জ এবং ধানমণ্ডির ৩২ নম্বরে গেছেন নিজ উদ্যোগে, এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্টরা।
আর এমন ফ্যাসিস্ট কর্মকর্তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান বিএনপি সরকারের আমলে! সরকারের সবচেয়ে বড় বাজেটের এবং গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের একটি হলো- স্বাস্থ্য মন্ত্রণালয়। অতীতে দেখা গেছে, সরকারের সিনিয়র সচিবরাই এ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতেন। বজলুর রশীদের আগে সর্বশেষ দায়িত্বে ছিলেন সিনিয়র সচিব মো. কামরুজ্জামান, বর্তমানে যিনি জনপ্রশাসন সচিব পদে আছেন। অথচ বর্তমানে যাদেরকে সচিব করা হচ্ছে তারমধ্যে সবচেয়ে জুনিয়র ব্যাচের কর্মকর্তা এই বজলুর রশীদ।
তাছাড়া মাত্র কিছুদিন আগে ফ্যামিলি কার্ড কেলেঙ্কারির দায়ে বজলুর রশীদ রাজশাহীর বিভাগীয় কমিশনার পদ থেকে প্রত্যাহার হয়েছেন। একই ঘটনায় একই দিনে নাটোর, গাইবান্ধা এবং রংপুরের জেলা প্রশাসককেও প্রত্যাহার করা হয়। গুরুতর অপরাধের দায়ে এদের সবাইকে শাস্তিমূলক বদলি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। গত ১৮ আগস্ট তাদের প্রত্যাহার করা হয়। অথচ এর মাত্র ১৫ দিনের মধ্যেই ২ সেপ্টেম্বর, ২০২৬ ফ্যামিলি কার্ড কেলেঙ্কারির নায়ক, আওয়ামী ফ্যাসিস্ট ড. আ. ন. ম. বজলুর রশীদ স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেলেন! বজলুর রশীদের হঠাৎ এমন অস্বাভাবিক পদোন্নতি ও পদায়নে জনপ্রশাসন সংশ্লিষ্ট সবাই কমবেশি অবাক হয়েছেন। তিনি কী এমন ‘যাদুর কাঠি’ সরকারের প্রভাবশালী মহলকে ছোঁয়ালেন যে, তাকে এমন অস্বাভাবিক ‘পুরস্কার’ দিতে হলো, সরকারের জন্য স্পর্শকাতর ফ্যামিলি কার্ড কেলেঙ্কারিতে হাতেনাতে ধরা পড়ার পরও- এমন প্রশ্ন সংশ্লিষ্টদের।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমানে সরকারের জনপ্রশাসন যিনি বা যারা নিয়ন্ত্রণ করেন এই চক্রের সঙ্গে বড় অংকের অর্থের লেনদেন হয়েছে আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তা ড. বজলুর রশীদের। তবে এটাকে জায়েজ করার জন্য রাজশাহীর একাধিক বিএনপি নেতাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।