নিউইয়র্কে আওয়ামী লীগের সেমিনারের বিশেষ বক্তা ২০২৬ সালের নির্বাচনকে বললেন ‘গণতান্ত্রিক নবযাত্রার সূচনা’, শ্রদ্ধা জানালেন গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি

বেঙ্গল লেন্স
Image description

হ‍্যারি কে টমাস লিখেছেন, “বাংলাদেশিদের প্রতি গভীর ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করে, আমি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত প্রায় ১,৪০০ মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি এবং ২০২৬ সালের নির্বাচনকে গণতান্ত্রিক নবযাত্রার সূচনা হিসেবে স্বাগত জানিয়েছি।"

 

গতকাল ২৪ নভেম্বর নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড সাসটেইনেবিলিটি (ICDHRS) এর ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত “বাংলাদেশের ভবিষ্যৎ: গণতন্ত্র, মানবাধিকার এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি” সেমিনারে বিশেষ আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ‍্যারি কে টমাস। 

সেই সেমিনারের একটি ব্যানারের সঙ্গে তোলা ছবি লিংকডইন একাউন্টে প্রকাশ করে হ‍্যারি কে টমাস লিখেছেন, “বাংলাদেশিদের প্রতি গভীর ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করে, আমি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত প্রায় ১,৪০০ মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি এবং ২০২৬ সালের নির্বাচনকে গণতান্ত্রিক নবযাত্রার সূচনা হিসেবে স্বাগত জানিয়েছি। আমি এই বিষয়ের ওপর জোর দিয়েছি যে—মানবাধিকার, বাকস্বাধীনতা এবং একটি শক্তিশালী ও সুস্থ বিরোধী দল যখন সুরক্ষিত থাকে, তখনই গণতন্ত্র দীর্ঘস্থায়ী রূপ পায়।”

“একই সাথে, অতীতের অন্যায়ের বিচার প্রতিশোধের চক্রের পুনরাবৃত্তি ঘটিয়ে নয়, বরং সুষ্ঠু ও নিরপেক্ষ আদালতের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির মতো ক্ষেত্রগুলোতে পারস্পরিক অংশীদারিত্বকে আরও গভীর করা; যাতে আমেরিকাকে এমন একটি বিশ্বস্ত সহযোগী হিসেবে স্মরণ করা হয় যা সবসময় পাশে থাকে এবং যার মাধ্যমে সাধারণ বাংলাদেশিদের জীবনযাত্রার মান উন্নত হয়।”

ওই সেমিনারের ব্যানারে দেখা যায়, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এছাড়া বিশেষ আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘে সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন। রোড আইল্যান্ডের সাবেক রাজ্য প্রতিনিধি এবং মার্কিন কংগ্রেসের প্রার্থী রেভারেন্ড ড. রবার্ট বি. ল্যান্সিয়া। শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ড. কায়কাউস আহমেদ। পলিসি অ্যানালাইসিস ডিরেক্টর (মিডল ইস্ট ফোরাম) এবং এইআই (AEI) সিনিয়র ফেলো মাইকেল রুবিন। এবং সভাপতিত্ব করেন ICDHRS এর চেয়ারম্যান ড. নূরান নবী।

সেমিনারে হ‍্যারি কে টমাস এর দেওয়া বক্তব্য নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। টমাস তার বক্তব্যে বলেছেন, “ব্যালট বাক্সে বাংলাদেশিরা কী সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে আমি ভাবি। বহুদলীয় গণতন্ত্র এমন কোনো বিষয় নয় যা বাইরের কেউ কোনো দেশকে উপহার দিতে পারে। একটি দেশের জনগণকে নিজেই এটি বেছে নিতে হয়, এবং গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ঠিক তা-ই করেছে। গণতন্ত্রের জন্য এমন একটি সরকারের প্রয়োজন, যার কাছে দেশ পরিচালনার জনমত বা ম্যান্ডেট রয়েছে। একই সাথে এর জন্য এমন একটি শক্তিশালী বিরোধী দলেরও প্রয়োজন যা সরকারকে প্রশ্ন করতে পারে, জবাবদিহিতার আওতায় আনতে পারে এবং ভোটারদের সামনে একটি প্রকৃত বিকল্প তুলে ধরতে পারে।”

“আসুন আমরা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাফল্য এবং একটি শক্তিশালী বিরোধী দলের জন্য প্রার্থনা করি। উভয়ই বাংলাদেশিদের বেছে নেওয়া গণতন্ত্রের অংশ, এবং আমরা এই দেশটির সাফল্য কামনা করি। গত দুই বছরে বাংলাদেশ যা কিছুর মধ্য দিয়ে গেছে, তা অধিকাংশ দেশ বিশ বছরেও পার করে না। ২০২৪ সালে একটি ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটায়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের গ্রীষ্মকালে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। এই সহিংসতা ইউনিফর্ম পরিহিতদের ওপরও আঘাত হেনেছিল। চুয়াল্লিশ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন, যাদের মধ্যে অনেকেই থানা আক্রমণ ও অগ্নিসংযোগকারী উত্তেজিত জনতার হাতে প্রাণ হারান। এছাড়া অন্যান্য নিরাপত্তা বাহিনীর আটজন সদস্যও নিহত হন। তারাও আমাদের স্মরণে থাকার যোগ্য। কী এক উন্মাদনা! প্রতিটি সংখ্যার পেছনেই লুকিয়ে আছে একটি নাম।

রংপুরের ছাত্র আবু সাঈদ দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন এবং তাকে গুলি করা হয়েছিল। নারায়ণগঞ্জে নিজের বাড়ির ছাদ থেকে সংঘর্ষ দেখার সময় একটি ছয় বছরের শিশু কন্যা নিহত হয়েছিল। তাদের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের এই গণতন্ত্র পেয়েছে, এবং আজ আমরা অন্য যা কিছুই বলি না কেন, আমাদের প্রথমে এই কথাটিই বলা উচিত।

এরপর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ফেব্রুয়ারিতে বাংলাদেশিরা ভোট দেন এবং ১৭ বছরের নির্বাসন শেষে ফিরে আসা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই ফলাফলের বিষয়ে যে যার মতোই ভাবুক না কেন, ব্যালট বাক্সের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতার এই শান্তিপূর্ণ হস্তান্তর অবশ্যই স্বীকৃতির দাবিদার।”

হ্যারি কে টমাসের বক্তব্য নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে কর্মরত গোলাম মোর্তোজা এক পোস্টে লিখেছেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের প্রোপাগান্ডার অংশ হিসেবে আজ (২৪ নভেম্বর ২০২৬) নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ‍্যারি কে টমাস। টমাস তার বক্তব্যে যা বলেছেন, ফ‍্যাসিস্টরা তা শোনার জন‍্যে মোটেই প্রস্তুত ছিল না। একজন ভাড়াটে তথাকথিত সাংবাদিককে দিয়ে আজেবাজে কিছু কথা বলালেও, হ‍্যরি কে টমাসের বক্তব্যের সামনে তা ম্লান হয়ে গেছে।”

“আওয়ামী লীগের কূটনৈতিক ‘আত্মঘাতী গোল’” শিরোনামে ডেইলি ওয়াদায় প্রকাশিত সংবাদে লেখা হয়েছে, “জাতিসংঘ সদর দপ্তরের উল্টো দিকে ভাড়া নেওয়া একটি সম্মেলনকক্ষ আর যুক্তরাষ্ট্রের একজন সাবেক রাষ্ট্রদূত। শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসনের প্রচেষ্টায় আন্তর্জাতিক বৈধতার ছাপ দিতে এই দুটির ওপর ভরসা ছিল। কোনোটিই আশানুরূপ ফল দেয়নি।”

আমার দেশ সংবাদ প্রকাশ করেছে “নিউইয়র্কে হ্যারি কে টমাসের বক্তব্যে বিব্রত আ.লীগের নেতাকর্মীরা” শিরোনামে।


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder