হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হাম সন্দেহে নতুন করে ১ হাজার ৩৩৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ২৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন শনাক্ত ৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৭, সিলেটে ৩০, চট্টগ্রামে পাঁচ ও রংপুরে দুজন রয়েছেন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৩৭৪ জন। সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৮ জনের। নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০৫ জনের।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন।