Image description
রাত তিনটা। একটা ফোনে এক মিনিটে চল্লিশটা মেসেজ। কোনোটা ব্যাংকের ওটিপি, কোনোটা ই-কমার্সের ভেরিফিকেশন কোড, কোনোটা কোনো অ্যাপের রেজিস্ট্রেশন। থামছে না। ফোনটা একজন স্কুলছাত্রীর।
রাজধানীর একটি স্বনামধন্য বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী এখন ঠিক এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এক পরিচিত তরুণ তাকে সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করতে চাইছে। সে রাজি না হওয়ায় শুরু হয়েছে এসএমএস বোম্বিং। এরপর হুমকি গেছে তার বাবা-মা, বন্ধু, আত্মীয় আর শিক্ষকদের কাছে। সর্বশেষ হুমকি হলো, তার ছবি টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দেওয়া হবে। মেয়েটি এখন আতঙ্কে আছে, মানসিকভাবে ভেঙে পড়ছে।
এটা কোনো প্র্যাংক না, প্রেমের ঝগড়াও না। এটা পরিকল্পিত সাইবার অপরাধ। আর প্রতিটা পরিবারের জানা দরকার, এমন হলে কী করতে হবে।
 
এসএমএস বোম্বিং আসলে কী
অপরাধী ইন্টারনেটে সহজে পাওয়া কিছু অ্যাপ বা স্ক্রিপ্ট দিয়ে ভুক্তভোগীর নম্বর বিভিন্ন বৈধ ওয়েবসাইট আর অ্যাপে বারবার বসিয়ে দেয়। এগুলো সাধারণত "পাসওয়ার্ড ভুলে গেছি" বা "রেজিস্ট্রেশন" অপশন। প্রতিবার সেই প্রতিষ্ঠান নিজে থেকে একটা ওটিপি পাঠায়। একসাথে শত শত প্রতিষ্ঠান থেকে মেসেজ আসতে থাকে, ঘণ্টার পর ঘণ্টা, কখনো কয়েক দিন ধরে।
 
এ কারণেই ভুক্তভোগীর ফোনের রেকর্ডে অপরাধীর নম্বর থাকে না। মেসেজগুলো আসে আসল প্রতিষ্ঠানের নামে। অনেকে ভাবেন, তাহলে তো আর ধরা সম্ভব না। কথাটা ঠিক না। প্রতিটা ওটিপি অনুরোধ যে প্রতিষ্ঠানের সার্ভারে গেছে, সেখানে অনুরোধকারীর আইপি ঠিকানা, ডিভাইস আর সময়ের রেকর্ড থাকে। তদন্তকারী সংস্থা আইনি প্রক্রিয়ায় সেই লগ সংগ্রহ করতে পারে। অনেকগুলো প্রতিষ্ঠানের লগ মিলিয়ে দেখলে একই উৎস বেরিয়ে আসে। তার সাথে হুমকির মেসেজ, ফেক আইডি আর টেলিগ্রাম অ্যাকাউন্টের সূত্র যোগ করলে অপরাধী শনাক্ত করা সম্ভব।
 
অপরাধীরা সাধারণত যা ব্যবহার করে
গিটহাব, টেলিগ্রাম চ্যানেল বা ইউটিউব টিউটোরিয়ালে পাওয়া বোম্বিং অ্যাপ ও স্ক্রিপ্ট। ভুয়া বা অন্যের নামে নিবন্ধিত সিম। ফেক ফেসবুক আইডি। পরিচয় লুকানোর জন্য ভিপিএন। আর ছবি ছড়ানোর হুমকির জন্য টেলিগ্রাম গ্রুপ বা বট। এরা নিজেদের অদৃশ্য মনে করে, কিন্তু প্রতিটা ধাপে কোনো না কোনো ডিজিটাল চিহ্ন রেখে যায়।
 
এমন হলে প্রথমেই যা করবেন
১. কোনো মেসেজ মুছবেন না। প্রতিটা বোম্বিং মেসেজ, হুমকি, কল লগ, ফেক আইডির লিংক আর ইউজারনেমের স্ক্রিনশট নিন, যাতে তারিখ ও সময় দেখা যায়। স্ক্রিনশটের পাশাপাশি মূল মেসেজও ফোনে রেখে দিন।
 
২. অপরাধীর সাথে কোনো কথা বলবেন না, অনুনয় করবেন না, তার কোনো শর্ত মানবেন না। শর্ত মানলে হয়রানি থামে না, বরং নতুন দাবি আসে।
 
৩. দেরি না করে অভিযোগ করুন। পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ) হটলাইন ০১৩২০০০০৮৮৮, অথবা তাদের ফেসবুক পেজে মেসেজ দিন। জরুরি অবস্থায় ৯৯৯। এরপর নিকটস্থ থানায় মামলা বা জিডি করুন।
 
৪. মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে জানান। নম্বরে স্প্যাম ফিল্টারিং চালু করতে বলুন। ফোনের মেসেজ অ্যাপে অপরিচিত প্রেরকের মেসেজ ফিল্টার করার সেটিং চালু করুন। দরকার হলে কিছুদিন বিকল্প নম্বর ব্যবহার করুন, তবে পুরোনো সিমটি প্রমাণ হিসেবে রেখে দিন।
 
৫. স্কুলকে আনুষ্ঠানিকভাবে জানান। শিক্ষক আর সহপাঠীদের বলে রাখুন: কোনো হুমকি বা ছবি পেলে ফরোয়ার্ড বা শেয়ার করবেন না, শুধু স্ক্রিনশট নিয়ে পরিবার বা পুলিশকে দেবেন।
 
৬. ছবি ছড়ানোর হুমকি থাকলে আগে থেকেই প্রস্তুত থাকুন। ১৮ বছরের কম বয়সীদের ছবির জন্য "Take It Down" নামে একটি আন্তর্জাতিক সেবা আছে। ছবিটি কাউকে না পাঠিয়েই এটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি ঠেকানোর ব্যবস্থা করে। টেলিগ্রামে কিছু ছড়ালে সাথে সাথে রিপোর্ট করুন এবং লিংকসহ পুলিশকে জানান।
 
৭. মেয়েটির পাশে থাকুন। তাকে বুঝতে দিন যে দোষ তার না। দরকার হলে একজন কাউন্সেলরের সাহায্য নিন। এ ধরনের অপরাধে সবচেয়ে বড় ক্ষতি হয় মনের, আর পরিবারের আশ্রয়টাই সেখানে সবচেয়ে বড় সুরক্ষা।
 
আইন কী বলে
 
সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫ ধারায় সাইবার স্পেসে যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং আর অশ্লীল বিষয়বস্তু প্রকাশকে আলাদা অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে শাস্তির বিধান রাখা হয়েছে। অর্থাৎ কাউকে সম্পর্কে থাকতে বাধ্য করার জন্য ভয় দেখানো, পরিবার আর শিক্ষকদের কাছে হুমকি পাঠানো, ছবি ছড়ানোর ভয় দেখানো, এসবই আইনের চোখে দণ্ডনীয় অপরাধ।
যে ছেলে "না" শুনে হুমকি আর বোম্বিং শুরু করে, সে ভালোবাসে না, নিয়ন্ত্রণ করতে চায়। চুপ থাকলে সে আরও সাহস পায়। আপনার সন্তান, ছাত্রী বা পরিচিত কেউ এমন অবস্থায় পড়লে আজই প্রমাণ সংরক্ষণ করুন আর অভিযোগ করুন। লজ্জা অপরাধীর, ভুক্তভোগীর না।
 
পোস্টটি শেয়ার করুন। হয়তো কোনো এক বাবা-মা আজ রাতে জানতে পারবেন, তাদের সন্তানের ফোনে আসলে কী ঘটছে।
তানভীর হাসান জোহা
প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
মেয়েটির পরিবারের জন্য একটা পরামর্শ: মামলার এজাহারে লিখে দিতে বলুন, বোম্বিংয়ে যেসব প্রতিষ্ঠানের ওটিপি এসেছে তাদের কাছ থেকে অনুরোধকারীর আইপি লগ সংগ্রহ করতে হবে। লগগুলো একটা নির্দিষ্ট সময় পর মুছে যায়। তাই অনুরোধটা যত দ্রুত যায়, অপরাধী শনাক্তের সম্ভাবনা তত বেশি।