Image description
 
আমার বাবাকে ছেলেবেলায় আমি আর আমার ভাইবোনরা দুইচোখে দেখতে পারতাম না। আমার বাবা আমাদের কাছে পছন্দের কোন ব্যক্তিত্ব ছিল না।
কারণ, আমার বাবা কনকনে শীতের সকালে ফজর নামাজের জন্য আমাদের বকাবকি করতেন। ঘুম থেকে না উঠলে আমাদের গা থেকে একটানে লেপ সরিয়ে দিতেন।
আর, গরমের দিনে, ফজর না পড়লে উনি বাসার ইলেকট্রিসিটির মেইন সুইচ বন্ধ করে দিতেন, যেন আমরা গরমে ঘুম থেকে উঠে যাই।
 
আমার বাবা সবসময় বিভিন্ন ধরণের ইসলামী বই নিয়ে ঘাঁটাঘাঁটি করতেন, যেগুলো আমাদের একটুও পছন্দ ছিল না। মনে আছে, আমার বাবার বিছানার আশেপাশে সবসময়ই কোন না কোন কোরআনের তাফসীর, হাদিস বা ইসলামী গ্রন্থ থাকতো। কিন্তু, আমার বাবার লাইব্রেরীতে থরে থরে সাজিয়ে রাখা এইসব ইসলামী বইয়ের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ ছিল না।
 
আমার বাবা আমাদের টিভিতে ইংরেজি সিনেমা দেখতে দিতেন না। ৮০ – ৯০ এর দশকে বিটিভিতে ‘ডালাস’, ‘হাওয়াই ফাইভ ও’, ‘মিয়ামি ভাইস’, ‘স্টার ট্রেক’ সহ খুব বিখ্যাত বিখ্যাত সব ইংরেজি সিরিয়াল দেখানো হত। আমরা মাঝে মাঝে আত্নীয়স্বজনের বাসায় গিয়ে এইসব মুভি দেখলেও, আমাদের বাসায় এইসব মুভি দেখা একেবারে নিষেধ ছিল।
 
মনে আছে, সেইসময় বিটিভিতে বাংলা সিনেমার গানের একটি অনুষ্ঠান হত, নাম “ছায়াছন্দ”। এই অনুষ্ঠান দেখার কোন অনুমতি আমাদের বাড়িতে ছিল না।
 
আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসতাম। ছেলেবেলায় আমার খুব ইচ্ছা ছিল, আমি গান শিখবো, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। কিন্তু, বাবা বলতেন, রবীন্দ্রসঙ্গীত, গানবাজনা - এইসব গান হিন্দুদের কালচার। তাই, আমার আর কোনদিন গান শেখা আর হয়ে উঠেনি।
 
আমাদের যখন স্কুলে যাবার যখন বয়স হল, তখন আমার বাবা আমাদের এলাকার সব নামকরা সরকারী-বেসরকারী স্কুল বাদ দিয়ে আমাদের হুট করে অখ্যাত আর নতুন একটি ইসলামী স্কুলে ভর্তি করে দিলেন। মনে আছে, আমাদের এলাকায় তখন খুব নামকরা একটি ইংলিশ মিডিয়াম স্কুল ছিল।
 
কিন্তু, আমার বাবা সেই আধুনিক আর প্রগতিশীল স্কুল বাদ দিয়ে আমাদের এমন এক স্কুলে ভর্তি করে দিলেন, সে স্কুলে ক্লাস ওয়ান থেকেই আমাদের সালোয়ার-কামিজ আর মাথায় হিজাব পড়তে হত।
পর্দা আমি দু’চোখে দেখতে পারতাম না, কিন্তু, ক্লাস সিক্সে উঠার পর প্রাইমারী স্কুল ছেড়ে আমি যখন সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভর্তি হলাম, আমার বাবা বললেন, পর্দা না করলে স্কুলে যাওয়া বন্ধ।
আমার বাবা আমাদের সারাক্ষণ আল্লাহ’র একত্ববাদের শিক্ষা দিতেন, বলতেন, “আর যাই করো, আল্লাহ’র সাথে কখনো শিরক কোরো না।” আর তাই, আমার মা যখন আমাদের গলায় তাবিজ ঝুলাতেন, গভীর রাতে আমার বাবা সেই তাবিজ কেটে দিতেন, আর বলতেন, “আল্লাহ ছাড়া কারো কোন ক্ষমতা নেই।”
 
শবে বরাত আসলে, আমাদের আশেপাশের সব বাসায় মজার মজার হালুয়া-রুটি হত, কিন্তু, আমাদের বাসায় হত না। বাবা বলতেন, “এগুলো বিদআত।” আমরা খুব মন খারাপ করতাম। কারণ, বাবার যন্ত্রণায় আমাদের হালুয়া-রুটির মত মজার খাবার খাওয়া হত না।
 
আমি মনে মনে ভাবতাম, পৃথিবীর সব বাবারা এত ভালো, কিন্তু, আমার বাবা এত খারাপ কেন? সব বিষয়ে ধর্ম নিয়ে সবসময় তার এত বাড়াবাড়ি কেন?
এর বহু বছর পর, যখন আমি কোরআন পড়ে নিজের জীবনকে সম্পূর্ণ ভাবে পরিবর্তন করে ফেলার সিদ্ধান্ত নিলাম, তখন, আমি ঠিক আমার বাবার মতোই আমার বড় কন্যাকে সমাজের মতামতের বিরুদ্ধে গিয়ে, ঢাকা শহরের তৎকালীন সময়ের সবচেয়ে নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে সরিয়ে এনে খুব অখ্যাত আর নতুন এক ইসলামী ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিলাম, যে স্কুলে সে সময় ছাত্র সংখ্যা ছিল সর্বসাকূল্যে বিশ বা বাইশ জন।
 
এরপর, ২০০৩ সালে আমি যখন হজ্ব করে এলাম, আমি আমার বাবার মতোই আমার সন্তানদের পশ্চিমা কালচারের বিষাক্ত ছোবল থেকে বাঁচানোর লক্ষ্যে, আমার পরিবারের সাথে যুদ্ধ করে বাসার ডিশের লাইন কেটে দিলাম, আর, আমাদের বাসা থেকে টিভি নামক বস্তুটিকে আজীবনের জন্য বিতাড়িত করলাম।
ঠিক আমার বাবার মতোই ধীরে ধীরে আমার লাইব্রেরীতে সাহিত্যের বইয়ের পাশাপাশি, জায়গা করে নিতে লাগল নানা ধরণের ইসলামী গ্রন্থ। ঠিক আমার বাবার মতোই আমি সারাদিন শুধু কোরআন, হাদিস আর ইসলামী গ্রন্থ নিয়ে সময় কাটাতে লাগলাম।
 
আমার কন্যারা যখন বড় হল, তখন আমার বাবার মতোই আমার কন্যাদের বললাম, “বাবা, পর্দা করা ফরজ। মুসলিম মেয়েদের যে পর্দা করেই বাইরে যেতে হয়।”
শুধু তাই না, একসময় আমি আমার বাবার মতোই গান শোনা বন্ধ করে দিলাম। আমার সযত্নে রক্ষিত সব গানের সিডিগুলো একদিন কাউকে না জানিয়ে চুপিচুপি ডাস্টবিনে ফেলে দিলাম।
এখন আমি আমার বাবার মতোই কনকনে শীতের সকালে আমার সন্তানদের ঘুম থেকে ডেকে বলি, “বাবা, উঠো! ফজর যে মিস হয়ে যাবে!!”
এখন আমি আমার বাবার মতোই আমার সন্তানদের আল্লাহ’র একত্ববাদের শিক্ষা দেই, বলি, “বাবা, আর যাই করো আল্লাহ’র সাথে কখনো শিরক কোরো না। শিরক যে সবচাইতে বড় অপরাধ।”
আমার বাবা এখন কবরের নিকষ কালো আঁধারে ঘুমিয়ে আছে। বেশ ক’বছর আগে, আমার প্রিয় বাবা আমার রবের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে।
এখন আমি মনে মনে আমার বাবাকে ডেকে বলি, “প্রিয় বাবা আমার! ছেলেবেলায় তোমার উপর কত রাগ করেছি, না বুঝে তোমার আদেশ-নিষেধ আর উপদেশকে কত ঘৃণা করেছি, কিন্তু, বুঝি নাই যে, ভুলটা আমারই ছিলো, তোমার নয়।”
 
রব আমার!
আমার সেই বাবার কবরকে তুমি আলোকিত করে দিও, যে বাবা আমাদের কচি অন্তরগুলোতে তোমার একত্ববাদের বীজ দৃঢ় ভাবে বপন করে দিয়েছে, আর, সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে আজীবন তার সন্তানদের দ্বীনের সঠিক জ্ঞান দেবার চেষ্টা করেছে।
 
রব আমার!
তুমি আমার বাবার সব গুনাহকে ক্ষমা করে দাও। তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। তাকে তুমি তোমার এমন রহমতের চাদর দিয়ে ঘিরে রাখো, যেভাবে সে শৈশবে আমাকে ভালোবাসা দিয়ে ঘিরে রেখেছে।
তুমি তো সুউচ্চ, সুমহান আমার রব! নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল, আর, অত্যন্ত দয়ালু।