Image description

রাজধানীর ৩০০ ফিটে কী ঘটেছিল স্পষ্ট করল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানিয়েছে ঐ সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ডাকাতির ভিডিও ছড়িয়ে পড়লেও ঘটনাটির কোনো বাস্তবতা নেই বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

এ ধরনের কোনো ঘটনা বাস্তবে ঘটেনি। জনসাধারণকে এসব তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

সম্প্রতি ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে ‘৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডা/কা/তি, ড্যাশক্যামে ধরা পড়ল ভ/য়ং/ক/র মুহূর্ত!’ শিরোনামে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও (রিলস) প্রকাশ করা হয়। ভিডিওতে ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনার দাবি করা হলেও ডিএমপি বলছে, এমন ঘটনার কোনো বাস্তবতা নেই।

মো. আকতার হোসেন বলেন, প্রকৃত ঘটনা যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে এ ধরনের সংবাদ বা ভিডিও প্রচার জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। গণমাধ্যমের দায়িত্বশীলতার জায়গা থেকে যেকোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব।

এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।