মাদক ব্যবাসায়ীদের তথ্য সংগ্রহে গত রোববার (২২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার হাসেমবাগে যান কনস্টেবল আনোয়ার হোসেন। এসময় দুর্বৃত্তের হামলায় প্রাণ যার তার।
গেল ৮ অক্টোবর রাতে খুলনার রূপসায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের চাপাতির কোপে প্রাণ হারান পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। এ ঘটনার পর পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একা চলাচল না করার নির্দেশ জারি করা হয়।
পরিসংখ্যান বলছে, গেল বছর সারা দেশে পুলিশের ওপর ৬০২টি হামলার ঘটনা ঘটেছে। যার বেশিরভাগই ঢাকা রেঞ্জে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হয়েছে ৪৮৪টি।
পুলিশের দাবি, শক্তি প্রদর্শন এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্যেই টার্গেট করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী বলেন, যে দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে যত দুর্বল করা যায়, সে দেশকে ততটা অস্থিতিশীল করা সম্ভব হবে। যে কারণে এই দুষ্কৃতিকারীরা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ বাহিনীর ওপর আক্রমণ করার জন্য। পুলিশের ওপর যত আক্রমণ হয়েছে, তারা কিন্তু ছাড় পায়নি। আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং আইনের আওতায় নিয়ে এসেছি।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন বলেন, পুলিশকে দিয়ে আমরা একেবারেই অপরাধ প্রতিকারে এবং প্রতিরোধে সর্বতো ভূমিকা আমরা দেখাতে পারব না, যদি না জনগণ তাদেরকে সাহায্য করে। এবং রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করার যে সংস্কৃতি আমরা বিভিন্ন সময় দেখেছি, সেটা থেকে পুলিশকে কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই দৃষ্টিপাত আমাদের রাখতে হবে বলে আমি মনে করি।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ১০ মাসে সন্ত্রাসীদের হামলায় পুলিশের চার পুলিশ সদস্য নিহত এবং অন্তত ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।