Image description

২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার। ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে সব বিষয়ে সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১০০ জনকে এ জন্য বাছাই করা হবে। তবে ১০০তম অবস্থানে সমান নম্বরধারী হলে অতিরিক্ত ৪০০ ল্যাপটপ বরাদ্দ থাকবে। 

সে হিসেবে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে রয়েছে সরকারের। ভবিষ্যতে এইচএসসিতেও ভালো ফলাফল করা শিক্ষার্থীদের এ ধরনের প্রণোদনা দেওয়ার চিন্তা করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি বাস্তবায়ন করছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় এটি বাস্তবায়িত হবে। সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপগুলো কেনা হবে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়া পরিকল্পনা রয়েছে সরকারের।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, যারা সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে, এমন ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সরকার ধাপে ধাপে এটি বাস্তবায়ন করবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থী ল্যাপটপ পাবে। এতে সরকারের ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হবে। পরে এর পরিসর আরও বাড়ানো হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়বে।’

তিনি বলেন, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০ ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।

‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং শতভাগ মেধার ভিত্তিতে তালিকা চূড়ান্ত করবে।’

তিনি জানান, প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের হয় এবং মানসম্মত কনফিগারেশন থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বিতরণের ক্ষেত্রে আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ১১টি বোর্ডকে যুক্ত করে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

ল্যাপটপের জন্য যেভাবে শিক্ষার্থী নির্বাচন হবে
ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, কেবল জিপিএ-৫ নয়, বরং পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এ মেধাক্রম নির্ধারণ করা হবে। প্রতিটি বোর্ডের প্রথম ১০০ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা ও অনুপাত বিবেচনায় বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা বোর্ডের কাঠামো অনুযায়ী সাধারণ অন্য ৮টি বোর্ডেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে ১০০ জন করে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী বাছাই করা হয়েছে। সবগুলো বোর্ডের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। কারিগরিতে এসএসসি ভোকেশনালের তুলনায় দাখিল ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম। সে অনুযায়ী আনুপাতিক হারে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।’

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদ বলেন, ‘দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারীদের নিয়ে তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক বিন্যাসে বিজ্ঞান ও মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনায় তালিকা চূড়ান্ত করা হয়েছে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গিয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও উৎসাহিত করতে বর্তমান সরকার এ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে পারে।’ খবর: বাসস।